২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের গুরুত্ব কমাতে তাঁবেদারদের মুখে উন্নয়নের স্লোগান: সেলিম

গণতন্ত্রের গুরুত্ব কমাতে তাঁবেদার বুদ্ধিজীবীদের মুখ দিয়ে সরকার উন্নয়নের স্লোগান দেওয়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 02:10 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

রোববার নিউ ইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেলিম বলেন, ‘গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠার জন্যে সরকারের তাবেদার বুদ্ধিজীবীরা গলা ফাটাচ্ছেন। তাঁবেদার বুদ্ধিজীবী দিয়ে বলানো হচ্ছে, উন্নয়ন আগে এবং গণতন্ত্র পরে। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটলে গণতান্ত্রিক চেতনাও ধারালো হবে।

“এমন যুক্তি করা হয়েছে এরশাদ ও খালেদার আমলে। শেখ হাসিনার আমলেও সেটি অব্যাহত রয়েছে। ভুলে গেলে চলবে না যে, শেখ হাসিনার অর্থমন্ত্রী মুহিত সাহেব এরশাদেরও অর্থমন্ত্রী/উপদেষ্টা ছিলেন।

“সুতরাং মুহিত’স ইকনোমির যাঁতাকলে বাংলাদেশিরা পিষ্ট হচ্ছেন, গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে।”

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ অত্যন্ত যত্ন সহকারে প্রচার করা হচ্ছে। কিন্তু সেই মর্মার্থ অনুধাবন করে সেসব অনুসরণ করা হচ্ছে না।

Image
সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিমের সংবর্ধনা সমাবেশে উপস্থিতির একাংশ । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিমের সংবর্ধনা সমাবেশে উপস্থিতির একাংশ । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এই বামপন্থি নেতা বলেন, নিজের জীবদ্দশায় সুস্থ রাজনীতির ধারায় ফিরতে না পারলেও ভবিষ্যত প্রজন্মের জন্য নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করা যায়।

দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন দাবি করে সেলিম বলেন, একটি পরিবর্তন চাচ্ছেন সকলে। কিন্তু বিকল্প শক্তির সন্ধান পাচ্ছেন না। ভরসা করার মতো কাউকে সামনে তারা দেখছেনও না।

জ্যাকসন হাইটসে পিএস-৬৯ এর মিলনায়তনে ‘প্রগতিশীল প্রবাসী বাঙালি সমাজ’র ব্যানারে এ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা গিয়াসউদ্দিন বাবুল। স্বাগত বক্তব্য দেন কবি বেলাল বেগ।

ছাত্র ইউনিয়নের প্রবাসী সাবেক নেতা-সংগঠকদের উদ্যোগে সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন জাকির হোসেন বাচ্চু এবং আলিমউদ্দিন।

সেলিম বলেন, “শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া হতে পারেন না। কিংবা বিএনপিও আওয়ামী লীগের বিকল্প হতে পারে না। কারণ, খালেদা যদি জামায়াত ত্যাগ না করেন তাহলে বিএনপি-জামাত জোট পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশের অবস্থা আরো ভয়ঙ্কর হতে বাধ্য। আরো সর্বনাশের পথে ধাবিত হবে বাংলাদেশ। তেমন অবস্থা আমরা কেউই দেখতে চাই না।

“দেশব্যাপী জাগরণ সৃষ্টি করতে হবে জামায়াতের বিরুদ্ধে। জনমত সৃষ্টি করতে হবে খালেদা জিয়াকে জামায়াত ত্যাগে বাধ্য করার জন্যে।”