২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট চলছে, ঝড় উঠতে পারে: মাহবুব

রাজনৈতিক পরিস্থিতি শান্ত দেখালেও সঙ্কট চলছে দাবি করে বিএনপি নেতা মাহবুবুর রহমান সরকারকে সতর্ক করে বলেছেন, তার সমাধান না হলে পরিস্থিতি জটিল রূপ নিতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 03:12 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসা দলটির স্থায়ী কমিটির এই সদস্য শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।

মাহবুব বলেন, “রাজনৈতিক সঙ্কট চলছে। এর সমাধান না করায় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎ করে প্রলয়ঙ্করী ঝড় বয়ে যেতে পারে। উটপাখির মতো বালুতে মুখ লুকিয়ে পার পাওয়া যাবে না।”

৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে সংসদের বাইরে ছিটকে পড়া বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে এলেও তাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাড়া নেই।

দাবি আদায়ে এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লাগাতার হরতাল-অবরোধ করলেও বিফল হয়ে কর্মসূচি তুলে নিতে হয় বিএনপিকে। এরপর আর কোনো বড় ধরনের কর্মসূচিতে যায়নি তারা।

মাহবুব বলেন, “সরকারকে বলব, সময় থাকতে সঙ্কটের নিরসন করুন। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিন। যদি সঙ্কটের নিরসন না হয়, বিপর্যয় হবে। সেই বিপদ আমাদের জাতীয় নিরাপত্তা ও জাতীয় অস্তিত্বের মূলভিত্তিতে আঘাত করতে পারে।”

রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সঙ্কটও দেশে চলছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে তার দাবি।

“কানাডায় একটা আবাসিক এলাকার নামই দেওয়া হয়েছে বেগমবাগ। সব বাংলাদেশিরা সেখানে বাস করেন। সেখানে বেগম সাহেবরা আছেন। আর এখানে তাদের সাহেবরা লুটছে, টাকা পাচার করছে।”