২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবকে গ্রেপ্তার রাজনৈতিক সিদ্ধান্তে: খালেদা

সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 11:18 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

ছাত্রদল সভাপতিকে ইয়াবাসহ পটুয়াখালীতে গ্রেপ্তারের কথা পুলিশ জানানোর ‍দুদিন পর মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, “বিরোধী রাজনীতিকে দুর্বল করার অপপ্রয়াসে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর তাকে বহনকারী গাড়িতে মাদক পাওয়ার কথা প্রচার রাজনৈতিক কর্মীদের চরিত্রহননের একটি ঘৃন্য প্রচারণার নাটক ছাড়া আর কিছুই নয়।

“একই দিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তারে ঢাকা ও নরসিংদীতে পুলিশের অভিযান পরিচালনা প্রমাণ করে রাজীব আহসানকে রাজনৈতিক সিদ্ধান্তেই গ্রেপ্তার করা হয়েছে।”

খালেদা বলেন, “গ্রেপ্তারের সময় সেখানে কেউ কোনো মাদক উদ্ধার করতে দেখেননি এবং সেখানে গাড়িতে কিছু পাওয়ার কথাও পুলিশ তখন কাউকে বলেনি। কাজেই ঘটনার দীর্ঘ সময় পর পুলিশ কার্যালয়ে বসে যে বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যমূলক, মানহানিকর এবং একজন আর্দশবান রাজনৈতিক কর্মী সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্রের অপচেষ্টা মাত্র।”

বিএনপি চেয়ারপারসন অবিলম্বে রাজীব আহসানসহ ছাত্রদলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

“সরকারের মনে রাখা উচিৎ, দমনপীড়ন করে কোনো গণবিরোধী অনির্বাচিত সরকার টিকে থাকতে পারে না। এই সরকারও পারবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই অবৈধ সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র,” হুঁশিয়ারি দেন তিনি।