আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররমের ‘বিকল্প’ জানতে চেয়েছে পুলিশ
লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ সাতটি তথ্য চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।
বিএনপির মহাসমাবেশের ঘোষণার পাল্টায় আওয়ামী লীগ ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ‘শান্তি সমাবেশের’ অনুমতি চাইলেও তাদের কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, বুধবার একটি চিঠির মাধ্যমে তাদের কাছে এসব তথ্য চাওয়া হয়েছে।
“বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম। গতকাল পুলিশের পক্ষ থেকে আরো দুটি ভেন্যুর নাম দেওয়ার জন্য চিঠি দিয়েছে।
“কোথায় দেব তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।"
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সেজন্য তারাও ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।
একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেদিন রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের অনুমতির জন্য গত ২০ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন রিয়াজ উদ্দিন।
তার জবাবে পুলিশের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় সমাবেশ হতে পারে এমন বিকল্প দুটি জায়গার নাম চাওয়া হয়েছে চিঠিতে।
পুলিশে পক্ষ থেকে চাওয়া সাত তথ্যের মধ্যে, সমাবেশে কখন লোক সমাগম শুরু হবে, সমাবেশ শেষ হবে কখন, সমাবেশে কত লোক সমাগম হবে, সমাবেশটি বায়তুল মোকাররম মসজিদ থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে, সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক ব্যবহার করা হবে, সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন কি না, সমাবেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য কোন স্বেচ্ছাসেক নিয়োগ করা হবে কি না, করলে তার সংখ্যা কত– এসব তথ্য চাওয়া হয়েছে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বলেছেন, কোনো দলের বিষয়েই এখনও সিদ্ধান্ত দেয়নি ঢাকা মহানগর পুলিশ। তবে নিবন্ধন না থাকায় জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।
আওয়ামী লীগকে দেওয়া চিঠির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনদুর্ভোগ কমানোর জন্য বিকল্প জায়গা দেখতে আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছে।”
বিএনপিকেও বিকল্প দেখতে বলা হয়েছে কি না প্রশ্ন করলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
