Published : 26 Jun 2024, 08:04 PM
বোতলের পানি, ডিটারজেন্ট পাউডার, কাপড় ধোয়া ও গোসলের সাবানের দাম গত কয়েক বছরে বেড়ে দ্বিগুণ হওয়ার কথা ‘প্রথম’ শুনলেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তবে এসব পণ্যের দাম বাড়ার খবরে উষ্মা প্রকাশ করে এ ক্ষেত্রে কোনো কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।
বুধবার সচিবালয় বিটের প্রতিবেদকদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ’মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে একজন প্রতিবেদক প্রশ্ন করেন, কয়েক বছরে বিভিন্ন ধরনের সাবান, বোতলজাত পানির দাম ‘দ্বিগুণ’ বেড়ে গেছে। এখানে কোনো নজরদারির সুযোগ আছে কি না?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমি আজ আপনার কাছে প্রথম শুনলাম। পানির দাম কেন বাড়ানো হয়েছে খবর নেব। এ ব্যাপারে আমাদের করণীয় কিছু আছে কি না, দেখব।”
বর্তমানে অধিকাংশ কোম্পানির ৫০০ মিলিমিটার বোতলজাত পানির দাম ২০ টাকা, যা দুই বছর আগে ১৫ টাকা; তারও আগে ছিল ১০ টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাও হয়।
সাবানের দাম বাড়ার বিষয়ে টিটু বলেন, “সাবানের দামের বিষয়ে এর আগে কেউ জিজ্ঞেস করে নাই। ডিটারজেন্ট পাউডার বা সাবানের দাম বৃদ্ধি নিয়ে করণীয় কিছু আছে কি না, অবশ্যই খুঁজে দেখব। বিষয়টি সিরিয়াসলি নিচ্ছি।
”সাবানের বড় অংশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে। সেখানে দাম নির্ধারণ বা দাম পরিবীক্ষণের কোনো এখতিয়ার আছে কি না, সেটা অবশ্যই দেখব।”
পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে ‘সিন্ডিকেট’ এর ভূমিকা বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সিন্ডিকেট শব্দটা নাই। এর কোনো কার্যকারিতাও নাই। বাজার ব্যবস্থাপনার জন্য সাপ্লাই চেইন ঠিক রাখাটা জরুরি। কারসাজি করে কেউ বাজার ‘ম্যানিপুলেট’ করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, এমন অসহায়ত্ব আমি গত ৪-৫ মাসেও প্রকাশ করি নাই; আগামীতেও তেমন হবে না।
“কেউ যদি পণ্যের দাম যৌক্তিক পর্যায়ের বাইরে নিতে চায়, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”
দাম কমার সংবাদ করার অনুরোধ
সাংবাদিকদের প্রতি এমন অনুরোধ রেখে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সব সময় কোন জায়গায় কোন পণ্যের দাম বাড়ল, সেই নিউজ করেন। আপনাদের কাছে অনুরোধ কোন বাজারে কাঁচামরিচের দাম কমল, সেই নিউজটাও করবেন। এটা নিউজ না হওয়ার কোনো কারণ নাই।
“আপনারা গুগল ম্যাপে যদি জানতে চান, এখান থেকে উত্তরা যাওয়ার সহজ পথ কোনটা। সেটাও কিন্তু গুগল দেখিয়ে দিচ্ছে। সোয়ারী ঘাটে তাজা মাছ পাওয়া যায়। এটা যদি নিউজ করেন, মানুষ দুই ঘণ্টা গাড়ি চালিয়ে হলেও সেখান থেকে মাছ কিনবে।”
বাজারভিত্তিক মূল্য ধরে সংবাদ প্রকাশ করে ক্রেতাদের উপকারে আসার অনুরোধ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী, সেই সঙ্গে বস্তুনিষ্ঠ সমালোচনাও চান তিনি।
টিটু বলেন, “কোথায় আলু কম দামে পাওয়া যায়, কোন বাজারে ভালো দামে মুরগি পাওয়া যায়, সাশ্রয় মূল্যে জিনিসপত্র পাওয়া যায়; এগুলো নিয়েও নিউজ করা যায়।
”যদিও আমি জানি, নেগেটিভ নিউজের চাহিদা বেশি। তবে অবশ্যই বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন।”
পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠার জন্য ব্যাখ্যায় তিনি বলেন, পেঁয়াজ একটা পচনশীল পণ্য। এটি সংরক্ষণের ভালো ব্যবস্থা নেই। ভারতে ’রেডিয়েশনের’ মাধ্যমে পেঁয়াজের স্থায়িত্ব বাড়ানো হয়। অন্যদিকে বাংলাদেশে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এসব কারণে পেঁয়াজ কিছু কমে যায়। এটা আমদানির মাধ্যমে ঠিক রাখা হবে।
মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।