Published : 12 Jul 2026, 08:21 PM
চট্টগ্রামের বন্যা কবলিত মানুষ খুবই কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নে ত্রাণ বিতরণে গিয়ে তিনি বানবাসী মানুষদের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
গেল ৫ জুলাই থেকে টানা পাঁচ দিন ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়, তাতে পানিবন্দি হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এছাড়া কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির কিছু এলাকাও প্লাবিত হয়েছে।
বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, “বেড়ি বাঁধের কারণে কয়েক বছর ধরে এখানে বন্যার সমস্যা হচ্ছে। বেড়ি বাঁধের জন্য বাজেটে কয়েক লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং আওয়ামীলীগ সরকারের সময় সেগুলো লুটপাট করা হয়েছে।

“এবারের বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে। আপনাদের কথা দিচ্ছি এ বাজেটে এক টাকাও লুটপাট দুর্নীতি হতে দেব না। এ টাকা যেন সঠিক ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়ি বাঁধ যেন হয় এবং আপনাদের কষ্ট লাঘবে আমরা চেষ্টা করব।”
চট্টগ্রামের এ বন্যা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন মন্তব্য করে তিনি বলেন, “সবাই আপনাদের নিয়ে চিন্তা করছে।”
দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা আহ্বান জানাচ্ছি আপনারা নিজেদের সক্ষমতা অনুযায়ী এগিয়ে আসুন। চট্টগ্রামের মানুষ খুব কষ্টে আছে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
আনোয়ারায় ত্রাণ বিতরণের পর নাহিদ ইসলাম বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় যাওয়ার কথা রয়েছে।