Published : 12 Jul 2026, 11:04 PM
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বরিশালে প্রথম সফর স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, তবে দলীয় নির্দেশনা মেনে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কোনো তোরণ করা হয়নি। টানানো হয়নি ব্যানার-ফেস্টুন।
কিন্তু সোমবার দুপুরে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ‘মানবপ্রাচীর’ করা হবে।
সেখান থেকেই নেতাকর্মীরা সরকারপ্রধানকে স্বাগত জানাবেন। এতে জনসাধারণ ও যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সেটিও নজরদারি করা হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী সোমবার সকালে সড়ক পথে বরিশাল যাবেন। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।”
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশালের বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। দুদিন ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছেন নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী বরিশালের সমস্যা ও সম্ভাবনার কথা জানেন। তারপরেও এলাকার পক্ষ থেকে কিছু জনসম্পৃক্ত দাবি-দাওয়াও তুলে ধরা হবে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। তিনি সকাল ১০টায় গৌরনদী উপজেলায় নতুন করে খনন করা সরিকল-বাটাজোর খাল পাড়ে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর গৌরনদীতে ‘ফ্যামিলি কার্ডের’ উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সেখান থেকে বরিশাল নগরীতে এসে ত্রিশ গোডাউন বধ্যভুমি খালের পাড়ে দেশীয় প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে তিনি বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। বিরতির পর বিকাল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “বরিশালের সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী সব কিছু জানেন। বিভাগের ২১টি আসনের মধ্যে ১৯টি বিএনপি পেয়েছে। মানুষ তাকে ভালোবেসে। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী এর প্রতিদান দেবেন। সব কিছু একসঙ্গে দেওয়া যায় না। ধীরে ধীরে সমস্যা সমাধানে কাজ করবেন তিনি।”
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “প্রধানমন্ত্রীর সফর যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। প্রশাসন ও সাংগঠনিকভাবে দফায় দফায় সভা করা হয়েছে। সেখানে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজেই বরিশালের উন্নয়ন করবেন। তবু আমাদের কিছু চাওয়া-পাওয়া তার কাছে থাকবে। জনসম্পৃক্ত বিভিন্ন দাবি তার কাছে উপস্থাপন করা হবে।”