Published : 11 Jul 2026, 02:07 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়ায় পানির তোড়ে একটি সেতু ভেঙে পড়েছে।
এতে রাঙ্গুনিয়া উপজেলা থেকে বান্দরবানের পথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে।
টানা ছয়দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুধপুকুরিয়া এলাকার ওই সেতুটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সেতুটির অবস্থান বান্দরবান জেলা থেকে ২০ কিলোমিটার দূরে।
রাঙ্গুনিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবল পানির স্রোতে ভোর ৪টার দিকে সেতুটি ভেঙে পড়েছে। এসময় সেতুতে যান চলাচল ছিল না।
“সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানিয়েছি।”
পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া সেতুটি ভেঙে পড়ায় রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ এখন বন্ধ আছে বলে জানিয়েছে দেবব্রত দাশ।
তিনি বলেন, কর্ণফুলী নদীতে পানি বাড়ায় রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে নদীর অপর পাড়ে যে ফেরি চলাচল করত সেটিও বন্ধ আছে।
এতে করে উপজেলা থেকে বিকল্প এই পথে সেতু পেরিয়ে বান্দরবানের পথে যাত্রাও বর্তমানের বন্ধ আছে বলে জানিয়েছেন তিনি।
টানা ছয় দিনের বৃষ্টিতে চট্টগ্রামের ১৫টি উপজেলার সবগুলোই কম-বেশি পানিতে তলিয়েছে।
সরকারি হিসেবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব উপজেলার পানিবন্দি মানুষের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৪৮ পরিবারের প্রায় ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ জন।