২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বর থেকে রাজপথে থাকবে ১৪ দল: আমু

নির্বাচনকালীন সরকার নিয়ে যারা কথা বলছে, তাদের বক্তব্য স্পষ্ট নয় বলে মনে করেন তিনি।

সেপ্টেম্বর থেকে রাজপথে থাকবে ১৪ দল: আমু

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 12:11 AM

Updated : 25 Aug 2022, 12:11 AM

সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না জানিয়ে আমির হোসেন আমু বলেছেন, কারও শক্তি নেই এই নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দেওয়ার।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশনে ১৪ দলের শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমু।

তিনি বলেন, “আল্লাহ ব্যাতীত এমন কোনো শক্তি নেই আগামী জাতীয় নির্বাচন বন্ধ করতে পারে। যে যত ষড়যন্ত্রই করেন না কেন? যত জায়গায়ই ধর্ণা দেন না কেন, আর যত কথাই বলেন না কেন, কোনো লাভ হবে না।

“বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সংবিধানের আলোকে দেশ চলছে। সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারও শক্তি নেই এই নির্বাচন বানচাল কিংবা পিছিয়ে দেওয়ার।”

১৪ দলের সমন্বয়ক আমু বলেন, “এদেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতিতে যারা জড়িত তাদেরকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। “অপরাজনীতির যারা বাহক তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে আগামী সেপ্টেম্বর থেকে রাজপথে থাকবে ১৪ দল।“

নির্বাচনকালীন সরকার নিয়ে যারা কথা বলছে, তাদের বক্তব্য ‘স্পষ্ট নয়’ জানিয়ে তিনি বলেন, এ নিয়ে যারা মাঠ গরম করতে চান, তারা কখনও জাতীয় সরকার, কখনও তত্ত্বাবধায়ক সরকার আবার কখনও অন্তঃবর্তীকালীন সরকারের কথা বলছেন। আসলে তারা কী চাচ্ছেন নিজেরাই তা জানেন না।”

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম, জাতীয় পার্টি- জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গন আাজাদী লীগের সভাপতি এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।