১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হান্নান মাসউদের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

“আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 12:21 PM

নোয়াখালী হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, “আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, "এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া হয়।

এনসিপির দাবি, বিএনপির ‘হামলায়’ তাদের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আরো পড়ুন

হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, হান্নান মাসউদ আহত