২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মানববন্ধনের নামে নাশকতার পরিকল্পনা করছে: কাদের

“নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে; জ্বালাও-পোড়াও, গুপ্ত হামলা করছে- এদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 03:04 PM

Updated : 09 Dec 2023, 03:25 PM

বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে, তাতে দলটি নাশকতায় জড়াতে পারে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “বিএনপি মানবাধিকার দিবস উপলক্ষে হঠাৎ করে মানববন্ধন কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা করছে। এই দেশে নির্বাচনের পক্ষের শক্তি যারা আছেন, তাদের অনুরোধ করব- তাদের এই নাশকতা, গুপ্তহত্যা, অগ্নিসন্ত্রাস প্রতিহত করবেন।”

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের পর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়, তখন থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। এর মধ্যে রোববার মানবাধিকার দিবসে ঢাকাসহ দেশের অন্যান্য জেলা সদরে ‘গুম-খুনের শিকার’ ব্যক্তিদের স্বজনদের নিয়ে মানবন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের দলের নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে, যেন বিএনপি কর্মসূচির নামে কোথাও কোনো নাশকতা করতে না পারে।”

নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, “এসব নিয়ে আমরা বিচলিত নই। যেহেতু জাতিসংঘ থেকে কিছু কথা বলা হচ্ছে, জাতিসংঘ তো বিশ্বের সকল দেশের। রাজনৈতিক অভিযোগের বিষয়টা তো জাতিসংঘের কাছেই যায়।

“কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয়ই আছে, তা না হলে এত কিছু হল কেন। বাংলাদেশে গত কয়েক মাস কত রকমের ঘটনা ঘটেছে। এই নিষেধাজ্ঞা আসলো, এই নিষেধাজ্ঞা আসলো- এসব তো ছিল। এসব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়ে রাখল, ‘আমরা ভালো নির্বাচন করতেছি, কোনো অসুবিধা নেই, অহেতুক কেউ যেন আমাদেরকে চাপ না দেয়’।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে।

“আওয়ামী লীগ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জন্মালগ্ন থেকেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই অব্যাহত রেখেছে।”

জনগণের সব ধরনের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের জন্য ১৩ দেশের ৩৭ ব্যক্তির উপর বিধিনিষেধ আরোপ করেছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ৭৫তম বার্ষিকীর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যে অপশক্তি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে বা করার অপচেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী এসব অপশক্তির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে শেখ হাসিনার প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে কাদের বলেন, “সুতরাং নিষেধাজ্ঞার যৌক্তিক কোনো কারণ আমরা দেখছি না। বরং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, জ্বালাও-পোড়াও, গুপ্ত হামলা করছে- এদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এদেশে মানবাধিকারের ইতিহাস বড়ই ট্র্যাজিক। পনেরই অগাস্টে সপরিবারে অবলা নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে… বর্বরোচিত যে হত্যাকাণ্ড, এ ব্যাপারে মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের অনেককেই দেখেছি নীরব।

“তাদের অনেকেই স্বৈরশাসকদের তাবেদারি করেছে, এরা মানবাধিকার নিয়ে কথা বলে।”

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীমসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।