ক্ষমতায় বসিয়ে দেবে ভারত- এটা উদ্ভট চিন্তা: কাদের
“যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা ছিল, ততই আলো ঝলমল সকাল ঘনিয়ে এসেছে।”
প্রতিবেশী ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে- এমন ধারণাকে ‘উদ্ভট চিন্তা’ হিসেবে বর্ণনা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে-এমন উদ্ভট চিন্তা করার কোনো কারণ নেই।
“মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, এর সাথে বাংলাদেশের নির্বাচনের কী সম্পর্ক আছে, আমি জানি না। তারা কী বিষয়ে কথা বলবেন, সেটা আমাদের জানার কথা নেই। তাদের সেই আলোচনা বাংলাদেশ বিষয় আছে কি না- সেটা তারা জানেন।”
মঙ্গলবার বিকালে ঢাকার স্বামীবাগে ইসকন আশ্রমে রথযাত্রার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যান।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের গণতন্ত্র, আমাদের কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে কি না, আমার জানা নেই। তারা আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করেছে কি না, তাও আমাদের জানা নেই। তারা একটা স্বাধীন ও গণতান্ত্রিক দেশ, আমরাও গণতান্ত্রিক দেশ।”
তবে কয়েকটি দেশের ভূমিকা নিয়ে তিনি বলেন, “পৃথিবীতে এমন কিছু দেশ আছে- যাদের নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, তারা আমাদের সুষ্ঠু নির্বাচনের কী ছবক দেবে?”
ভোটের আগে বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, তাতে পাত্তা দিতে চাইছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার কথায়, “আমরা তাদের ভিসা নীতিতে চিন্তিত নই। আমাদের চিন্তার বিষয়- সংবিধান অনুযায়ী নির্বাচন।”
কারও দেখানো রূপরেখা কিংবা অন্য কোনো শক্তি নির্বাচনে প্রভাবিত করতে পারবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকে কেন্দ্র করে কারও কারও মধ্যে আশঙ্কা কাজ করে। আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে নির্বাচন অতীতে দেখেছি, যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা ছিল, ততই আলো ঝলমল সকাল ঘনিয়ে এসেছে।”
নির্বাচন নিয়ে বিএনপির মনোভাবের কথা বলতে গিয়ে তিনি বলেন, "বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচন মানে হচ্ছে- আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে?
“যত সংশয় থাকুক না কেন নির্বাচন এদেশ অবাধ ও সুষ্ঠু হবে। কারও কথায়, দেখানো রূপরেখা, অন্য কোনো শক্তি নির্বাচনে প্রভাবিত করতে পারবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সময় অনুযায়ী।”
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে কাদের বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের ভোটাধিকার আর মুসলিম ভোটারের অধিকার সমান। বাংলাদেশের সব মানুষই প্রথম শ্রেণির নাগরিক। সবাই মিলে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি।"
