ছয় মাসের বেশি দায়িত্বে থাকা ওসিদের বদলি চায় ইসি
কারা ছয় মাসের বেশি দায়িত্বে আছেন, এবং তাদের কোথায় বদলি করা যায়, সে বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, এমন ওসিদের অন্য থানা বা জেলায় বদলি করাতে চায় নির্বাচন কমিশন।
কোনো ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে তাকে বদলির নির্দেশনাও দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরদিন শুক্রবার কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।
তিনি জানান, বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি দায়িত্বে আছেন, এমন ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব, জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) পর্যায়ক্রমে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
"এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ০৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ০৫/১২/২০২৩ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।"
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।
জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, "কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর। একটা ক্যাটাগরি নির্ধারণের সুবিধার্থে এ উদ্যোগ। যখনই দরকার হবে তখনই ব্যবস্থা নেওয়া হবে।"
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বৃহস্পতিবার বৈঠকের পর বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কার্যক্রম গ্রহণ করবেন।
আরও পড়ুন
