গরম না, ‘অনির্বাচিত সরকার’ থাকার গজব: মির্জা আব্বাস
“আজকে বলতে পারেন, গরম লাগলে সরকারের দোষ? অবশ্যই সরকারের দোষ”, বলেন বিএনপি নেতা।
তীব্র গরমকে ‘গজব’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যে শব্দ দিয়ে সৃষ্টিকর্তার রোষ বোঝানো হয়।
তার মতে, গরম লাগলেও সেটা সরকারের দোষ। দাবি করেছেন, সরকারের ‘মদতপুষ্টরা’ ঢাকা শহরের জলাশয় বালু দিয়ে ভরাট করে ফেলেছে, এ কারণে ঠান্ডা হাওয়া শহরে ঢুকতে পারে না।
তীব্র গরমে পথচারীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারকে ‘গণবিরোধী’ ও ‘অনির্বাচিত ‘ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, “এই সরকার থাকার কারণে আজকে আমাদের উপরে একটা ‘গজব’ নাজিল হয়েছে, একটি ‘গজব’।
“আমি দেখলাম, একজন মওলানা সাহেব ওয়াজ করেছেন, ‘এটা গরম না.. এটা পরিবেশ ধ্বংসের একটা চিহ্ন। আজকে বলতে পারেন, গরম লাগলে সরকারের দোষ? অবশ্যই সরকারের দোষ।”
এ রকম গরম বাংলাদেশে আগে ‘কখনো ছিল’ না মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “আমি যদি বলি বাংলাদেশের ঋতু কয়টি, অনেকে বলতে পারবে না। যদি বলি নাম বলতে তাও বলতে পারব না। মানুষজন সেই ঋতু এখন অনুভবও করে না। কারণটা কী?
“খুব ধীরে ধীরে বাংলাদেশ একটা মরুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটা মাত্র কারণ ‘অবৈধ, নতজানু’ সরকার, তাদের নতজানু পররাষ্ট্র নীতি।”
ফারাক্কায় বাঁধের কারণে পদ্মায় পানি নাই মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, “আমাদের তিস্তায় পানি নাই, ব্রহ্মপুত্রের পানি নাই, যমুনায় পানি নাই, জলীয় বাষ্প নাই।
“বাংলাদেশে ১১শটির বেশি নদী ছিল। তার মধ্যে তিনশ নদী নিখোঁজ হয়ে গেছে। তিনশ নদী এই আওয়ামী চক্রে ভূমি দস্যুর কবলে পড়ে নিখোঁজ হয়ে গেছে। এটাই হল সারাদেশের পরিবেশের অবস্থা।”
‘ঢাকা আজ কৃত্রিম মরুভূমি’
জলাশয়গুলো দখল করে ভরাট করায় ঢাকা শহর ‘কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।
সাবেক গণপূর্ত মন্ত্রী বলেন, “ঢাকা শহর আজকে ইট-পাথরে গাঁথা শহরে পরিণত হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হল ঢাকা শহর আজকে একটা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে।
“ঢাকা শহরের চারিদিকে যে জলাশয়গুলো ছিল, সেগুলো ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে।”
এই ‘ভূমি দস্যুরা’ সরকারের মদদপুষ্ট অভিযোগ করে ১৯৯০ দশকের শুরুতে ঢাকা সিটি করপোরেশনের মেয়র বলেন, “সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে। তার একটি মাত্র কারণ, সরকারের সঙ্গে তাদের একটা যোগসাজশ রয়েছে; তলে তলে একটা ব্যবস্থা আছে ওদের সঙ্গে। আজকে ঢাকা শহরের চারদিকে বালু দিয়ে ভরাট করে দিয়েছে। অর্থাৎ একটি কৃত্রিম মরুভূমি।
“ঢাকা শহরের কি অবস্থা! ইট-পাথরের এই শহরে এমনি গরম, গাড়ি-ঘোড়ার গরম, তারপর চারদিকে বালু দিয়ে ঢাকা শহরে বেধে ফেলেছে। গাছগাছড়া নাই, খাল-বিল নাই, পানি নাই ঠান্ডা কোত্থেকে আসবে?”
হিট অফিসারের প্রতি আহ্বান
ঢাকার তাপ মাত্রা নিয়ন্ত্রণের কৌশল খুঁজতে নিয়োগ পাওয়া হিট অফিসার বুশরা আফরিনকে উদ্দেশ করেও বক্তব্য রাখেন বিএনপি নেতা।
তিনি আব্বাস বলেন, “ঢাকায় একজন হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আমি উনাকে বলতে চাই, আপনি আমাদের মেয়ের মত, আপনি সরকারকে বলুন ঢাকা শহরের খালগুলো খুলে দিতে, আপনি সরকারকে বলুন বালু দিয়ে কৃত্রিম যে মরুকরণ ব্যবস্থা করা হয়েছে এটাকে অপসারিত করতে।
“আপনি বলুন সরকারের সঙ্গে যে ‘আতাঁত রয়েছে’ ভূমিদস্যুদের, তাদের সঙ্গে ‘আতাঁত’ ভেঙে জলাশয়গুলো আবার ফিরিয়ে দিতে, তাহলে ঢাকা শহরটা রেহাই পাবে।
“আমি বিনীতভাবে হিট অফিসারকে অনুরোধ জানাব, যে আপনি আমাদের ঢাকা শহরে এই যে মরুকরণ চলছে, এটা প্রকাশ করে আপনি সরকারকে এই কথা বলুন। তাহলেই বুঝব, আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান। নইলে বুঝব আপনাকে নিয়ে মানুষজন যে সমালোচনা করে আপনি সেই সমালোচনার ঊর্ধ্বে।”
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের এবিএম ওবায়দুল ইসলাম, লুৎফুর রহমান, মোর্শেদ হাসান খান, এসএম হায়দার পারভেজ, মাহবুব আলম, একেএম আসাদুজ্জামান চুন্নু উপস্থিত ছিলেন।
