সময় হলে বিএনপিসহ সব দলই ভোটে আসবে: কৃষিমন্ত্রী
বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারও করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সময় হলে বিএনপিসহ সব দল তাতে অংশ নেবে।
শনিবার সকালে ঢাকায় নটরডেম কলেজ প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি মনে করি, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।”
যেকোনো মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, “ধর্মের নামে কিছু জঙ্গি, ধর্মান্ধ, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। একইসাথে, নির্বাচনে যাবে না বলে আন্দোলন সংগ্রামের নামে বিএনপি নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কাজেই এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে রাজ্জাক বলেন, “জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই, সরকারের মৌলিক দায়িত্ব রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোন মূল্যে এটি করবে। বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, এ অঞ্চলের কৃষি প্রকৃতিনির্ভর। অকাল বন্যা আসে, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। এসব কাটিয়ে উঠে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে।
‘ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এই মূল সুরে আয়োজিত কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আর্চ বিশপ বিজয় এন ডিক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাসের প্রেসিডেন্ট জেমস রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও, শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী উপস্থিত ছিলেন।
