হতাশা কাটিয়ে উঠুক বিএনপি, হাছান মাহমুদের চাওয়া
“আমরা আশা করি, বিএনপি হতাশা কাটানোর জন্য লিফলেট বিতরণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে, পেট্রোলবোমা নিয়ে মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়বে না।”
নির্বাচনের পরে বিএনপির কোমর ভেঙ্গে গেছে দাবি করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তারা হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক, এটাই তারা চান।
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সাংবাদিক গবেষক মুহা. মীযানুর রহমানের ‘বদলে যাওয়া বাংলাদেশ’ এবং কবি রেবেকা শিল্পীর চতুর্থ কাব্যগ্রন্থ ‘বিমূর্ত’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল, আমরা চাই তারা হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক।
“আমরা আশা করি, বিএনপি হতাশা কাটানোর জন্য লিফলেট বিতরণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে, পেট্রোলবোমা নিয়ে মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়বে না।”
এর আগে বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি বলেন, “একুশের বইমেলা প্রাণের মেলা, বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। তরুণ-তরুণী, শিশু-কিশোর, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবাই মেলায় আসেন একটু নিঃশ্বাস ফেলা, বইয়ের পাতা উল্টানো, বই কেনার জন্য।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজকল্যাণ রাষ্ট্র গড়া এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরে পররাষ্ট্রমন্ত্রী বই দুটির প্রকাশক অনার্য প্রকাশনীর স্টল পরিদর্শন ও বইমেলা ঘুরে দেখেন।
