বুধবার থেকে ১৪ দলের সপ্তাহব্যাপী কর্মসূচি
বিএনপিকে সংবিধান ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না, বলছেন আমির হোসেন আমু।
আগামী বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল।
সোমবার ঢাকার ইস্কাটনে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পরে আওয়ামী লীগের এই নেতা বলেন, “আগামী ২ তারিখ থেকে আমরা (১৪ দল) মাঠে নামব৷ সাতদিনের কর্মসূচি আছে আমাদের। আগামীকাল কর্তৃপক্ষের কাছে দিব। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।”
এ কর্মসূচির উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, "আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি- বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে৷ সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায়।
“সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব৷ কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দিব না।”
বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরীন আখতার, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান ছিলেন।
