২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক মঙ্গলবার

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের যারা প্রার্থী হয়েছেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপনসহ দেড় ডজন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনে ওই বৈঠক হবে বলে দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

সভায় মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি-মন্ত্রীর স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে বৈঠকে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বৈঠকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপনসহ ১৬ এজেন্ডা নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠক হবে। বিবিধ আলোচনায় অনেক বিষয় থাকবে। আমাদের দলীয় বিভিন্ন কর্মসূচি পালন নিয়ে এখানে আলোচনা হবে।

“মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠনের সম্মেলন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের স্বজনদের যারা আওয়ামী লীগের নির্দেশনা যারা উপেক্ষা করছে, তাদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে দেশের সার্বিক অবস্থাসহ বিভিন্ন ইস্যু উঠে আসবে।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় কোন্দল নিরসন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই এ সিদ্ধান্ত বলে জানান বাহাউদ্দিন নাছিম। দলের এই নির্দেশনা উপক্ষা করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের ব্যাপারে আলোচনা হতে পারে বৈঠকে।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ রাখার ঘোষণা রয়েছে দলের পক্ষ থেকে। পরবর্তীতে এসব সম্মেলন বা কমিটি গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।