৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বিএনপি নলিশ করে, রোহিঙ্গাদের কথা বলে না: কাদের

ওবায়দুল কাদের বলছেন, গত পাঁচ বছরে বিএনপি রোহিঙ্গাদের নিয়ে ‘একদিনও কথা বলেনি’।

বিএনপি নলিশ করে, রোহিঙ্গাদের কথা বলে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 11:27 PM

Updated : 26 Aug 2022, 11:27 PM

বিএনপি নেতারা রোহিঙ্গা সঙ্কট নিয়ে সরকারের সমালোচনা করলেও তারা নিজে কী করেছে, সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি বিদেশিদের ‘কাছে কথায় কথায় নালিশ করলেও’ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে কোনো কথা বলে না।

শুক্রবার ঢাকার কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় কথা বলছিলেন আওয়ামী লীগ নেতা কাদের।

সরকার শুরু থেকেই রোহিঙ্গা সঙ্কটকে ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের ইস্যু’ হিসেবে ব্যবহার করে আসছে বলে যে অভিযোগ বিএনপি মহাসচিব করেছেন, এ অনুষ্ঠানে তার জবাব দেন তিনি।

কাদের বলেন, “বিএনপি কোথাও কি রোহিঙ্গাদের কথা বলেছে? গতকাল শুনলাম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন, তারা রোহিঙ্গাদের কিছু লোককে পুনর্বাসিত করবেন। এভাবে বাংলাদেশে নিযুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতেরা আশ্বাস দিয়েছেন, তারাও এ ব্যাপারে উদ্যোগ নেবেন।

“এদের কাছে (বিএনপি) নালিশ করে, কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে একটা কথাও বলে না।"

রোহিঙ্গারা বাংলাদেশের আসার পর কক্সবাজারের কুতুপালং শিবিরে ‘ত্রাণসামগ্রী দেওয়ার নামে বিএনপি নেত্রী খালেদা জিয়া ফটোসেশন করেছিলেন’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “গত পাঁচ বছরে বিএনপি এই রোহিঙ্গাদের নিয়ে কথা বলেনি। একদিনও বলেনি। এখন এই বিশ্ব সঙ্কটে কথা বলে। ভাসানচরে পুনর্বাসনসহ তাদের জন্য কিনা করেছে সরকার। সাড়ে ১১ লাখ লোক আমার ঘাড়ে, মাথার ওপর। এত কিছু করার পরেও তারা রোহিঙ্গাদের নিয়ে লিপ সার্ভিস দেয়। এখনও সরকারবিরোধী বিষোদ্গার করছে।”

১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ বর্ণনা করে কাদের বলেন, “কে জড়িত, কে জড়িত নয়… যখন তার বাড়িটি ঘেরাও করে, বঙ্গবন্ধু ওপরে উঠে গিয়ে কয়েকজনকে টেলিফোন করেছিলেন। তাদের মধ্যে সেনা কর্মকর্তা ও তার রাজনৈতিক সহকর্মী ছিলেন।

“কে সাড়া দিয়েছিল জানি না। শুধু জানি, টেলিফোন যাদের করেছিলেন, তাদের মধ্যে সাড়া দিয়েছিলেন বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তিনি ছাড়া আর কেউ ছুটে আসেনি বঙ্গবন্ধুকে রক্ষা করতে। বঙ্গবন্ধুকে যেমন তার সহধর্মিণী সহযোগিতা করেছিলেন। ঠিক তেমনিভাবে শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করে যাচ্ছেন।"

দেশবাসীকে ‘আরও কঠিন’ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে মন্তব্য করে কাদের বলেন, "আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না। এই বৈশ্বিক বৈরী পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি। কিন্তু তারপরেও মূল্য দিতে হচ্ছে আমাদের।"

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বক্তব্য দেন।