শুক্রবার বিএনপির মিছিল গুলশান ও দয়াগঞ্জে
গত ১২ জুলাই সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেওয়ার পর এটি তৃতীয় কর্মসূচি। এবারই প্রথম ঢাকার বাইরে পালিত হবে তা।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকায় বিএনপির মিছিলের রুট প্রকাশ করা হয়েছে। দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিটি পালন করা হবে।
উত্তরের মিছিল শুরু হবে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের কাছ থেকে। গুলশান-১ হয়ে মহাখালীর ওয়ারলেস, তিতুমীর কলেজ সড়ক দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।
দক্ষিণের মিছিলটি পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজ, ধলপুর, গোলাপবাগ, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেলক্রসিং, শাহজাহানপুর, ফকিরেরপুল মোড় হয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
দুটি মিছিলেই শুরু হবে বিকাল তিনটায়। তার আগে হবে সংক্ষিপ্ত সমাবেশ।
এক দফা দাবিতে বিএনপির এই তৃতীয় কর্মসূচি এই প্রথম ঢাকার বাইরে দেশের সব মহানগরেও পালন করা হবে।
গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে ‘এক দফা’ দাবিতে আন্দোলনে ডাক দেয়।
এরপর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর ১১ অগাস্ট ঢাকায় হয় মিছিল।
এই এক দফাতেই বিএনপির বেশ কয়েকটি দাবি আছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ ছাড়াও ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা।
একই দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনও বিএনপি ও তার জোটের শরিকরা বর্জন করে প্রতিরোধের ডাক দিয়েছিল। তবে একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয় আওয়ামী লীগের অধীনেই।
দুইবার আন্দোলনে নেমে ব্যর্থ হলেও বিএনপি এবার বেশ আশাবাদী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এক আলোচনায় বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, পরিবর্তন আসছে’।
যুগপৎ আন্দোলনের মিছিল কোথায়
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের মিছিল হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।
১২ দলীয় জোট ফকিরাপুল পানির ট্যাংক, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয় নগর, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ, এলডিপির এফডিসির সামনে মিছিল করবে।
এছাড়া লেবার পার্টি পুরানা পল্টনে মসজিদের সামনে, এনডিএম মালিবাগ মোড়, গণতান্ত্রিক বাম মোর্চা সেগুনবাগিচার স্কু্লের সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) রামপুরা ব্রিজ, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুর কালভার্ট রোড় এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাহবাগ মোড় থেকে মিছিল বের করবে।
