২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ‘জ্বলছে’, সাধারণ মানুষ নয়: নানক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিচ্ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 02:01 AM

Updated : 23 Aug 2022, 02:01 AM

ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ নয় ক্ষমতা দখলের জন্য বিএনপি নেতারাই ‘জ্বলছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত 'বিভীষিকাময় ২১ অগাস্ট' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশের মানুষ জ্বলছে’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিচ্ছিলেন নানক।

আওয়ামী লীগের এই নেতা বলেন, “তিনি নির্লজ্জভাবে বললেন মানুষ নাকি জ্বলছে। জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছেন আপনারা, নির্বাচনের নামে মানুষ হত্যা করছেন আপনারা।

"এদেশে বাংলা ভাই, আবদুর রহমানকে অর্থায়ন করে সৃষ্টি করে মানুষ হত্যা করছেন আপনারা, ২১ অগাস্ট সিরিজ বোমা হামলা হয়েছে আপনাদের তত্ত্বাবধানে। মানুষ জ্বলছে না। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে রয়েছে, মানুষ সুখে রয়েছে শান্তিতে রয়েছে।"

মির্জা ফখরুলকে লক্ষ্য করে তিনি বলেন, “মনের জ্বালা আপনাদের আছে, এটি সত্য কথা বলেছেন৷ মাথার মধ্যে জ্বালা আপনার আছে, ফখরুল সাহেব। কারণ আপনি আপনার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না।“

সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, “ওরা মুখে যতই আন্দোলনের কথা বলুক তারা ভিতর ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গঠিত নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, আপনাদের আমি এটি বলে দিতে চাই।"

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকে চূড়ান্ত রূপ দিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ অগাস্টের গ্রেনেড হামলা চালানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানোর ঘটনা ইতিহাসে বিরল।

আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেনও বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।