২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাবে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

শুক্রবার বিকাল ৪টায় ধানমণ্ডির কার্যালয় পরিদর্শনে যাবেন মার্কিন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 10:38 PM

Updated : 12 Oct 2023, 10:37 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি মূল্যায়নে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে যাবে।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৪টায় ওই কার্যালয় পরিদর্শনে যাবেন মার্কিন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।

এর আগে সোমবার দুপুরে বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে দলের নেতৃত্ব দেন।

মার্কিন প্রতিনিধিদলে আছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে শনিবার ঢাকায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের এই প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল। শুক্রবার পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

ইতোমধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। এছাড়া নির্বাচন কমিশন এবং বিভিন্ন সরকারি দপ্তর, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গেও বসেছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে এই সমীক্ষা মিশন পরিচালনা করছে।

সফর শেষ হলে এই পর্যবেক্ষণ দলের তরফ থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে, তা জানানোর পাশাপাশি সুপারিশ থাকলে তাও তারা জানাবে।