সড়কে মৃত্যু শূন্যে নামাতে তৎপর সরকার, বিএনপি করে রাজনীতি: কাদের
“প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুরে যে দুর্ঘটনা ঘটেছে, সেটা সড়কের জন্য নয়।”
সরকার সড়কে ‘একটি মৃত্যুও চায় না’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে’ বিএনপি দুর্ঘটনা নিয়েও ‘রাজনীতি করছে’।
তিনি বলেন, “নেতিবাচক রাজনীতি করতে করতে এবং মিথ্যা কথা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন হয়েছে যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর চাপানোর অপরাজনীতিতে লিপ্ত হয়।”
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্য আসে।
আগের দিন সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস রেলিং ভেঙে নিচে পড়ে ১৯ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন।
এরপর এক বিতৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “চালকদের অযোগ্যতা, অবহেলা এবং অসতর্কতা সড়ক ও মহাসড়কে প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ। সরকার যোগ্যতা যাচাই না করে যেনতেনভাবে চালকদের লাইসেন্স দেওয়ার কারণে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হলেও সরকারের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই।”
ফখরুলের এই বক্তব্যের জবাবে কাদের বলেন, “বিএনপির শাসনামলেই সড়ক যোগাযোগ খাত সবচেয়ে অবহেলিত ছিল। …বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেন এবং তার সুদক্ষ নেতৃত্বে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। এ সত্যটি স্বীকার করতেও বিএনপি লজ্জা পায়।”
তিনি বলেন, “প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুরে যে দুর্ঘটনা ঘটেছে, সেটা সড়কের জন্য নয়।”
সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “দেশব্যাপী জাতীয় মহাসড়কসমূহ পর্যায়ক্রমে সার্ভিসলেনসহ ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করা হয়েছে। অন্যান্য স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ সড়ক মোহনাসমূহ চিহ্নিত করে প্রকৌশলগত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপন করা হচ্ছে প্রয়োজনীয় সাইন-সিগনাল।”
পণ্য পরিবহন চালকদের বিশ্রামের জন্য সিরাজগঞ্জের পাঁচিলায়, কুমিল্লার নিমসারে, হবিগঞ্জের জগদীশপুরে এবং মাগুরার লক্ষীকান্দরে ৪টি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, “ড্রাইভিং লাইসেন্স নবায়নের পূর্বে বাধ্যতামূলকভাবে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০২১-২০২২ অর্থবছরে ৬২,৯০০ পেশাজীবী গাড়িচালককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।”
সড়ক দুর্ঘটনা ‘শূন্যের কোটায়’ নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহীত সকল পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে শুধু সমালোচনার জন্য সরকারের সমালোচনা করে যাচ্ছে বিএনপি।”
