‘হত্যার হুমকি’: ঢাকা দক্ষিণের কাউন্সিলর সালাউদ্দিনকে তলব
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান রিপনের সমর্থক মোহাম্মদ সুজনকে হুমকি দেন সালাউদ্দিন।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন আহমেদকে তলব করেছে ঢাকা-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আগামী মঙ্গলবার সকাল ১১ টায় মহানগর দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
রোববার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য মো. আমিরুল ইসলামের পাঠানো নোটিশে বলা হয়, ডেমরা রাজাখালি মসজিদ সংলগ্ন নিজের গরুর খামারে ‘হত্যার হুমকি’ দেওয়ার ঘটনাটি রোববার সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এই ‘হুমকি’ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭ ও ৭৩ (২খ) অনুচ্ছেদ মতে শাস্তিযোগ্য অপরাধ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ও ১১ (ঙ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১০ টার পর ডেমরা রাজাখালি মসজিদের কাছে মোহাম্মদ সুজনের গরুর খামারে গিয়ে তাকে হুমকি দেন সালউদ্দিন। তিনি কামরুল হাসানের নির্বাচনি ক্যাম্প স্থাপনেও বাধা দেন।
সুজন এই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান রিপনের সমর্থক।
নোটিশে বলা হয়, কাউন্সিলর সালাউদ্দিন সে রাতে সুজনকে বলেন, “তুই আমার সঙ্গে ছাড়া আওয়াল ও রিপনের রাজনীতি করতে পারবি না। ঈগলের পক্ষে কোনো ধরনের ক্যাম্প দিবি না ও প্রচার করবি না। যদি দিস তাহলে তোর বুকে পাড়া দিয়া গলায় ছুড়ি চালাইয়া তোর মাথা আলাদা করে দিব। আমি যদি শুনি তুই ঈগল মার্কার কাজ করছিস তাহলে চাকু দিয়া তোর ভুড়ি বের করে দিব।”
