বিএনপিকে কারও উপর নির্ভর করতে হবে না: আমির খসরু
বিএনপি নেতা বলেন, “যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। কারণ, তারা দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে।"
বিএনপি নিজের শক্তিতেই সফল হতে পারবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য
আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।”
সোমবার বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে দলের বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিদেশির উপর ভর করেছে’ বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাব দিয়ে আমীর খসরু বলেন, “আমরা তো কোনো সময় বলি না তলে তলে সবকিছু ম্যানেজ করে নিয়েছি। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কারও উপর নির্ভর করতে হবে না বিএনপিকে।
“যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। কারণ, তারা দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে।"
গত ৫ অক্টোবর চট্টগ্রামমুখী রোড মার্চে মানুষ ‘দেখিয়ে দিয়েছে’ মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “সেদিন মানুষ ঝড় তুলেছে। আমাদের আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ; বাংলাদেশের জন্য, মানুষের জন্য ও গণতন্ত্রের মুক্তির জন্য।”
সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে, নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা জীবন দিয়ে হলেও এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, “মানুষ জেগে ওঠেছে। শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে, অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।"
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এম ফজলুল হকও।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মা ম্যা চিং, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, কক্সবাজার বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, নোয়াখালী বিএনপির সভাপতি গোলাম হায়দার, কেন্দ্রীয় বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, গোলাম আকবর খোন্দকারও এ সময় উপস্থিত ছিলেন।
