২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

রাষ্ট্র সৃষ্টির মূল চেতনা থেকে রাষ্ট্রকে সরিয়ে নেওয়া হয়েছে, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2023, 11:16 PM

Updated : 27 Feb 2023, 07:46 PM

রাষ্ট্রের চেতনার বেদিমূলে আঘাতকারী গোষ্ঠী এখনও সক্রিয় আছে মন্তব্য করে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার টিকাটুলিতে রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রী রামকৃষ্ণের ১৮৮তম জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে তিনি এ কথা বলেন।

সেই গোষ্ঠী এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাঝেমধ্যেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে মন্তব্য করে তিনি এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত স্রোতে আমাদের রাষ্ট্র সৃষ্টি হয়েছে সব মানুষের, সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সেই সমতার চেতনার বেদিমূলে ছুরিকাঘাত করা হয়েছে, রাষ্ট্র সৃষ্টির মূল চেতনা থেকে রাষ্ট্রকে সরিয়ে নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "সেই ঘটনার ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে রাষ্ট্রকে আবার স্বাধীনতার মূল চেতনায় ফিরিয়ে আনার কাজ শুরু করেন কিন্তু সেই কাজ এখনও চলমান কারণ রাষ্ট্রের চেতনার বেদিমূলে আঘাতকারী গোষ্ঠী এখনও সক্রিয়।"

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা কে কোন ধর্মের। একটি গোষ্ঠী এটা মানে না এবং তারা বাঙালি না বাংলাদেশি সেটা নিয়েও দ্বিধা দ্বন্দ্বে ভোগে। এরাই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রামকৃষ্ণ মিশনের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি নতুন জায়গা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার সবসময় সকল ধর্মের পাশে আছে। কিন্তু যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়, তাদের হাতে দেশ পরিচালনার ভার গেলে দৃশ্যপট বদলে যাবে, সেটি মনে রাখার বিনীত অনুরোধ জানাই।

"আপনারা এই মাটির, এই দেশের সন্তান। এই মাটি আপনাদের পূর্বপুরুষের। আপনাদের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সরকার যেমন পাশে আছে, আপনাদের নিজেদেরও সেই অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে, প্রয়োজনে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

অনুষ্ঠানে শ্রীনিলীপ আচার্য ও সম্প্রদায় পদাবলী কীর্তন, সারদা সংঘ গীতিনৃত্য ও পুষ্পাঞ্জলি কলা কেন্দ্রের শিশুশিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। শিল্পীদের এ সময় ফুলেল শুভেচছা জানান হাছান মাহমুদ।

মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী দেবাধ্যানন্দ ও ভক্তরা এসময় উপস্থিত

ছিলেন।