কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অতীতে বিভিন্ন সময়ে ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
কোনো ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কোন সময়ে নাগরিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, তা জনগণ নিজেরাই বিচার করবেন।”
রাজধানীর বনানী মাঠে শুক্রবার রাতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অতীতে বিভিন্ন সময়ে ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা দেখা গেছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ধর্মীয় পরিচয়ের বাইরে প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।”
সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হওয়া উচিত নয়। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং নিজ নিজ ধর্মের উপাসনা করার অধিকার সংবিধানে স্বীকৃত।”
পূজা উদযাপনের সময় নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি বারবার আলোচনায় আসাকে দুঃখজনক বর্ণনা করে তিনি বলেন, “দেশের সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই হওয়া উচিত। ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া জাতীয় জীবনের জন্য দুঃখজনক।”
এবার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ ছুটির ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বর্ণনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পূজামণ্ডপের সাজসজ্জার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশীয় সংস্কৃতি, উপকরণ ও নকশার সমন্বয়ে মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে।” এ উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের উত্তরোত্তর সমৃদ্ধি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন এবং যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড ও নেপালের কূটনৈতিক প্রতিনিধিরা।
