১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত

“বেছে বেছে এমন কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আমরা আধিপত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করি। নাগরিকদের কাছে প্রশ্নবিদ্ধ এ ধরনের কৌশলগত উদ্যোগ খতিয়ে দেখতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।”

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গত ৯ নভেম্বর ‘বিশ্বের সবচেয়ে বড়’ সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:27 PM

Updated : 11 Nov 2026, 08:27 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী দেবীর একটি স্থায়ী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগকে ‘হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ আখ্যায়িত করে এর বিরোধিতা করেছে ইসলামপন্থি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মূর্তি নির্মাণের উদ্যোগকে ‘কৌশলগত’ হিসেবে বর্ণনা করে এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাদের এ অবস্থান তুলে ধরেন।

সংগঠনের যুগ্মমহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ওই বিবৃতির সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, “ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে ‘সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণে তৎপর হয়েছে উগ্র হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তি।

“বেছে বেছে এমন কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আমরা আধিপত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করি। নাগরিকদের কাছে প্রশ্নবিদ্ধ এ ধরনের কৌশলগত উদ্যোগ খতিয়ে দেখতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি এদেশে হিন্দুত্ববাদী সফট-পাওয়ার সংহত করতে একটি নির্দিষ্ট ধর্ম ও ধর্মীয় সম্প্রদায়কে অতীতের মতই ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।

“ঢাবির জগন্নাথ হল কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ইজারা দেওয়া হয়নি। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু (বৌদ্ধ ও খ্রিষ্টান) এবং পাহাড়ি নৃতাত্ত্বিক শিক্ষার্থীদের জন্যও এই হলটি নির্ধারিত। ফলে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেটিকে তাদের একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারেন না।”

বিবৃতিতে বলা হয়, ‘উগ্র সেক্যু-প্রগতিশীলরা’ ঢাকা বিশ্ববিদ্যালয়কে এতই ‘সেক্যুলার’ হিসেবে দেখতে চান যে,“সামান্য গরু জবাই হলে কিংবা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় কোনো কালচারাল অনুষ্ঠান হলেও তারা সহ্য করতে পারেন না।”

হেফাজতের নেতারা বলেন, “অথচ তারা এখন জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখে কুলুপ এঁটেছেন। এই ইসলামবিদ্বেষী সেক্যুলারদের হিপোক্রেসি আমরা জানি। তবুও তাদের নীরবতাকে আমরা প্রশ্ন করে রাখলাম।”

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘ধর্মীয় স্বাধীনতার স্বার্থে’ সব ধর্মাবলম্বীর প্রার্থনার স্থান থাকতে পারে বলে মনে করে হেফাজতে ইসলাম।

বিবৃতিতে বলা হয়, “জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপন করে আসছে। যার যার ধর্ম পালনের অধিকার আমরা স্বীকার করি।

“কিন্তু সেখানে হঠাৎ করে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং কর্তৃপক্ষের ভাষ্যমতে এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতির জন্য আবেদন করার পরিকল্পনার পেছনে আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের সম্পর্ক খতিয়ে দেখা জরুরি।”

‘কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী’ হিসেবে চিহ্নিত কোনো কোনো ব্যক্তিকে এ ধরনের ‘কৌশলগত উদ্যোগের’ সঙ্গে জড়িত থাকতে দেখা গেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বর্তমান সরকার, রাজনৈতিক মহল ও গোয়েন্দা বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ‘আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের ষড়যন্ত্র’ রুখে দিতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।