১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইবরাহিমকে বহিষ্কার করে কল্যাণ পার্টির নতুন কমিটি

দলের ৪১ সদস্যের কল্যাণ পার্টির নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

ইবরাহিমকে বহিষ্কার করে কল্যাণ পার্টির নতুন কমিটি

গত ২২ নভেম্বর নতুন জোট গঠন করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 12:35 PM

Updated : 11 Dec 2023, 05:00 PM

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ছেড়ে ভোটের নতুন জোট করে ভোটের মাঠে নামা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে কল্যাণ পার্টির একাংশ।

রোববার রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলের ৪১ সদস্যের কল্যাণ পার্টির নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

নতুন কমিটিতে পাঁচ জন ভাইস চেয়ারম্যান, একজন অতিরিক্ত মহাসচিব, আট জন যুগ্ম মহাসচিব, ছয় জন সহকারী মহাসচিব এবং ১৯ জনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ব্যতীত যুক্তফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগদান করায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীককে বাংলাদেশ কল্যাণ পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।”

এছাড়া ‘যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্টির সাবেক চেয়ারম্যানকে প্ররোচিত করায়’ পার্টির সাবেক মহাসচিব আব্দুল আউয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে গত ২২ নভেম্বর সৈয়দ ইবরাহিম বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগকে ‘যুক্তফ্রন্ট’ নামের নতুন জোটের ঘোষণা করেন। তিনটি দলই নির্বাচন কমিশনে নিবন্ধিত।

এদিকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, “কল্যাণ পার্টির গঠনতন্ত্র উনাদের (একাংশ) পড়ে দেখা দরকার। কল্যাণ পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে তা গঠনতন্ত্র অনুযায়ীই নিয়েছে।”

কল্যাণ পার্টি ও মুসলিম লীগ এতদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটে ছিল। বিএনপি ঘেঁষা জাতীয় পার্টি (এমএ মতিন) কোনো জোটে ছিল না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে রাজপথে থাকবে।

পুরানো খবর:

আন্দোলনে ‘পেরে না উঠে’ ভোটের মাঠে ইবরাহিম

পুরানো খবর:

এক দফা ছেড়ে ‘যুক্তফ্রন্ট’ গড়ে ভোটের মিছিলে সৈয়দ ইবরাহিম