২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের এত টাকা কোথায়, প্রশ্ন মোশাররফের

এই বিএনপি নেতার ভাষায়, দুর্ভিক্ষের শঙ্কার কথা বলে সরকার নিজেই তাদের ‘ব্যর্থতার সাক্ষ্য’ দিচ্ছে।

বিদ্যুতের এত টাকা কোথায়, প্রশ্ন মোশাররফের

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 06:03 PM

Updated : 18 Oct 2022, 06:03 PM

সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের দিকে ইংগিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রশ্ন তুলেছেন, বিদ্যুৎখাতের ‘এত টাকা কোথায় গেল’।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিদ্যুতের লোডশেডিং… প্রধানমন্ত্রী বললেন, লোডশেডিং মিউজিয়ামে পাঠানো হয়েছে। সেই লোডশেডিং বেরিয়ে এল কীভাবে?

“শহরে, এই ঢাকা শহরে ২৪ ঘণ্টায় কতবার লোডশেডিং হয় আপনারা ভালো জানার কথা। গ্রাম দেশে তো ১০/১২/১৪ ঘণ্টা লোডশেডিং হয়। এতো লোডশেডিং হলে বিদ্যুত খাতের এত হাজার হাজার কোটি টাকা গেল কোথায়?”

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি নেতা মোশাররফ বলেন, “আপনারা এখনই বলেন, আগামীতে দুর্ভিক্ষ হবে। হারিকেন নিয়ে প্রস্তুত থাকতে বলেন জনগণকে।

“তাহলে এত টাকা খরচ করে, এত টাকা আপনারা বিদেশে পাচার করলেন... তাহলে আপনারা নিজেরা নিজেদেরকে ব্যর্থ বলে নিজেরা সাক্ষী দিচ্ছেন।”

বিএনপি নেতাকর্মীদের ‘সরকার হটানোর দায়িত্বের কথা’ মনে করিয়ে দিয়ে মোশাররফ বলেন, “জনগণের কথা হচ্ছে এনাফ ইজ এনাফ। আপনারা দয়া করে বিদায় হোন। আপনারা কিছুই পারবেন না। সবই যদি বিএনপির কারণে হয়, তাহলে আপনারা কেন ক্ষমতায় আছেন। জনগণের দাবি এই সরকারের অনতিবিলম্বে বিদায়।”

 “এই সরকারকে বিদায় না করতে পারলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না, এই সরকারকে বিদায় করতে না পারলে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে না। তা না হলে নির্বাচন এদেশে সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না।”

অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে খন্দকার মোশাররফ বলেন, “সম্প্রতি গাইবান্ধার উপনির্বাচনও সুষ্ঠু হয়নি। এটা আজকে প্রমাণিত যে, এই সরকারের অধীনে নির্বাচন হয় না, ডাকাতি হয়। সে কারণে আমরা বলেছি যে, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচনও হবে না।”

বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আনোয়ার হোসেন বুলু, স্বেচ্ছাসেবক দলের নেত্রী বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।