Published : 07 Apr 2026, 12:05 AM
উড়িষ্যার এক সমুদ্র সৈকতে মর্মান্তিক মৃত্যু ঘটে পশ্চিম বঙ্গের শক্তিমান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। গত ২৯ মার্চ এই শোকাবহ ঘটনার মাত্র ছয় মাস আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক দ্বীপ-উপকূলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। দৃশ্যত ভিন্ন দুই স্থানে ঘটলেও, প্রায় অভিন্ন ও রহস্যময় পরিস্থিতিতে সংঘটিত এই দুটি মৃত্যুকে সরকারিভাবে দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে।
তবে এই দুর্ঘটনার বয়ান যতটা সরলভাবে উপস্থাপিত ও প্রতিষ্ঠিত, সচেতন মনে তার প্রতিক্রিয়া ততটাই জটিল ও বহুস্তরীয়। প্রশ্ন উঠেছে, কেন দুজন প্রভাবশালী ও মতপ্রকাশে সাহসী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রায় অভিন্ন পরিস্থিতিতে প্রাণ হারাতে হলো? এই প্রশ্নের সূত্র ধরেই আলোচনার কেন্দ্র সরে যায় জুবিন ও রাহুলের শিল্পচর্চার গণ্ডি ছাড়িয়ে তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানের দিকে। এই অবস্থানই তাদেরকে সাধারণ শিল্পীর চেয়ে ভিন্নতর এক উচ্চতায় আসীন করেছে।
ক্ষমতার কাঠামো সবসময় সরাসরি দমন-পীড়নের পথে না হেঁটে; অনেক সময় তা নীরব মনস্তাত্ত্বিক পদ্ধতিতে ভিন্নমতকে সর্বস্বান্ত করে। কারণ, প্রকাশ্য আঘাত সহসা জনরোষ তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় তুলে খোদ ক্ষমতা কাঠামোকেই টামমাটাল করে দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী মানসিক অবদমন একজন সৃষ্টিশীল ব্যক্তিকে ভেতর থেকে কুরে কুরে খেয়ে তার আত্মবিশ্বাস, সাধারণ সতর্কতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষয়ে করে একপর্যায়ে নিঃশেষ করে ফেলে।

আসামের শিল্পী জুবিন গার্গ ভারতের বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন, গানের ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। রাহুল অরুণোদয় তার লেখালেখিতে বরাবর মানবমুখী প্রগতিশীল অবস্থান বজায় রেখেছেন। এসবের মধ্য দিয়ে দিনে দিনে তারা নিজেদের শিল্পী সত্তা অতিক্রম করে বিকল্প এক সামাজিক চেতনার প্রতিনিধিতে পরিণত হয়েছেন। এই অবস্থানই তাদেরকে একদিকে মানুষের কাছে আশ্রয় ও ভরসার প্রতীক করেছে, অন্যদিকে প্রচল ক্ষমতা কাঠামোর জন্য অস্বস্তির কারণ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর, এখান থেকেই জন্ম নেয় সেই নীরব ও অদৃশ্য চাপের বলয়, যা একজন সৃষ্টিশীল ব্যক্তিকে একসময় নিজের যাপিত জীবনের ভেতরেই অনিরাপদ ও একাকী করে তোলে।
এই অদৃশ্য চাপের বলয়কে সমাজবিজ্ঞানের ভাষায় ‘স্ট্রাকচারাল লোনলিনেস’ বা কাঠামোগত একাকীত্ব বলে। এর অর্থ হলো, একজন মানুষ সরাসরি কোনো আক্রমণের শিকার না হয়েও ধীরে ধীরে তার স্বাভাবিক সামাজিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এটি ঘটে পরিকল্পিতভাবে–কখনো কুৎসা রটিয়ে তার ভাবমূর্তি নষ্ট করা হয়, কখনো তার কাজের জায়গায় অদৃশ্য বাধা তৈরি করা হয়, আবার কখনো এমন এক পরিবেশ গড়ে তোলা হয়, যেখানে তার কাছে সবসময় নজরদারির মধ্যে আছেন বলে মনে হয়।
কাঠামোগত এই একাকীত্বের প্রভাব শুধু ব্যক্তিগত নয়, টার্গেট ব্যক্তিবর্গের পেশাগত ও সামাজিক জীবনেও গভীরভাবে প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে এমন পরিবেশে থাকতে থাকতে একজন মানুষ তার স্বাভাবিক আত্মবিশ্বাস হারাতে শুরু করেন। তার চারপাশের মানুষের প্রতি আস্থা কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা বাড়ে, এমনকি নিজের বিচারক্ষমতার ওপরও সন্দেহ তৈরি হতে পারে। এতে করে ব্যক্তি ধীরে ধীরে একটি মানসিক চক্রে আটকে পড়েন, যেখানে চাপ, অনিশ্চয়তা এবং একাকীত্ব একে অপরকে আরও শক্তিশালী করে তোলে। মনোবিজ্ঞানেও এর প্রমাণ মেলে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানুষের মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করে। বিশেষ করে ‘রিস্ক অ্যাসেসমেন্ট’ বা ঝুঁকি মূল্যায়নের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ব্যক্তি অনেক সময় পরিস্থিতির সম্ভাব্য বিপদ পুরোপুরি বিবেচনা না করেই হঠাৎ কোনো অবিমৃশ্যকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। বলার অপেক্ষা রাখে না, সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরণের আচরণ যতটা না ইচ্ছাকৃত বা বেপরোয়া, তারচেয়ে বেশি তাদের দীর্ঘকালীন ক্লান্ত মানসিক অবস্থার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।
এই জায়গাতেই ফ্রয়েডের ‘থানাটোস’ ধারণাটি এক ধরণের ব্যাখ্যা হাজির করে। মানুষের ভেতরে কখনো কখনো এমন একটি প্রবণতা কাজ করে, যা তাকে অচেতনভাবেই অভাবিত কোনো ঝুঁকির দিকে টানে। এটা অবশ্য ব্যক্তির আত্মবিনাশের আকাঙ্ক্ষা নয়; এই প্রবণতা দীর্ঘদিনের মানসিক অবরুদ্ধতা থেকে বেরিয়ে আসার তাগিদ থেকে তৈরি হয়। যখন কারও কাছে ঘটমান বাস্তবতা অসহনীয় মনে হয়, তখন সে এমন আচরণ করে বসে–যা তাকে সাময়িকভাবে মুক্তির অনুভূতি দিলেও, বাস্তবে তা বিপদ ঘটায়।

জুবিন বা রাহুলের মতো শিল্পীরা সমাজের নাড়ি নিবিড়ভাবে অনুভব করতে পারেন। তাদের মূল কাজই হলো সাধারণ মানুষের অব্যক্ত অনুভূতিগুলোকে শিল্পের ভাষায় প্রকাশ করা। ফলে সমাজের ভেতরে যখনই কোনো অস্থিরতা, বিভাজন বা অন্যায়ের ছায়া ঘনিয়ে আসে, তা তাদের মনের ওপর সরাসরি ও গভীর প্রভাব ফেলে। এই প্রবল সংবেদনশীলতাই একজন শিল্পীকে অসাধারণ সব সৃষ্টির শক্তি দেয়, আবার ঠিক এই গুণটিই অনেক সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। যে সংবেদনশীলতা তাদের সাধারণের চেয়ে আলাদা করে, প্রতিকূল সময়ে সেটিই তাদের মানসিকভাবে নাজুক ও অরক্ষিত করে তোলে।
দীর্ঘমেয়াদি চাপ মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন আনে না; ধীরে ধীরে তার ভেতরে জমা হতে থাকে। একসময় ছোট কোনো ঘটনার মধ্য দিয়ে জমে থাকা সেই চাপের বিস্ফোরণ ঘটে। বাইরে থেকে এ ধরণের ঘটনাকে স্বভাবতই আকস্মিক মনে হতে পারে, বাস্তবে তা ঘটে দীর্ঘ প্রক্রিয়ার ফল হিসেবে।
এই প্রেক্ষাপটে সাধারণভাবেই প্রশ্ন ওঠে, সমাজ কি তার সৃজনশীল ও প্রতিবাদী মানুষদের জন্য যথেষ্ট নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছে? তারা কি নিজেদের মত প্রকাশ করতে গিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে এভাবেই বিপন্ন দশায় উপনীত হতে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়াও সম্ভব নয়।
কারণ, সৃজনশীলতা বিকাশের জন্য প্রতিভার চাইতেও বেশি প্রয়োজন নিরাপদ ও সহনশীল একটি পরিবেশের। যখন সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তা প্রচল সমাজের চাইতেও বেশি প্রভাব এইসব সৃজনশীল ও সংবেদনশীল মানুষের ওপরে। কারণ, এতে করে নতুন চিন্তা, নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি–সবকিছুই সংকুচিত হতে থাকে। সংগীত শিল্পী জুবিন গার্গ আর অভিনয় শিল্পী রাহুলের অরুণোদয়কেও আমাদের এভাবেই সমাজের অদৃশ্য চাপ, একাকীত্ব ও মানসিক অনিরাপত্তার ক্রমবর্ধমান আঘাতের কারণে হারাতে হয়েছে।
বিচ্ছিন্ন দুচারজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে না দেখলে এর পরিণতি ভবিষ্যতে আরও গুরুতর হতে পারে। কারণ, মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতা ক্রমাগত বাড়তে থাকলে তা ব্যক্তিগত ট্র্যাজেডি ছাপিয়ে এক গভীর সামষ্টিক সংকটে রূপ নিতে পারে। জুবিন ও রাহুলের এই প্রস্থানকে তাই নিছক বিচ্ছিন্ন দুটি দুর্ঘটনা হিসেবে দেখার চেয়ে একটি জোরালো সতর্কতা হিসেবে দেখা জরুরি; যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র–সবার ভূমিকা নিয়ে নতুন করে এবং আরও গভীরে গিয়ে ভাববার অবকাশ আছে। তা না হলে, মনের এই অদৃশ্য চাপ আর চারপাশের প্রতিকূল পরিবেশ মানুষের জীবনে ঘটে যাওয়া যেকোনো বড় দুর্ঘটনার চেয়েও বেশি ভয়াবহ হয়ে উঠতে পারে।
পানিতে ডুবে মৃত্যু: 'পিয়া রে' গানের নায়ক-গায়কের এক পরিণতি