গোপালগঞ্জে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
এসময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ দুমড়ে মুচড়ে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে যায়।
গোপালগঞ্জে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান।
তিনি বলেন, খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস রাত সাড়ে ৯টার দিকে চরগোবরা এলাকায় অন্য আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ২৫ জন।
এসময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ দুমড়ে মুচড়ে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
