টুথপেস্ট দিয়ে অনেক কিছুই পরিষ্কার করা যায়
জেল-ধর্মী নয়, পরিষ্কারের জন্য ব্যবহার করতে হবে সাদা টুথপেস্ট।
দাঁত ছাড়াও টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা যায় জুতা, বেসিন কিংবা পানির কল।
হালকা দাগ ও হলদেভাব কমাতে ব্যবহার করতে হবে সাদা টুথপেস্ট।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জীবনযাপন-বিষয়ক লেখিকা কেটি হোল্ডফেয়ার বলেন, “অন্য জেল বা অন্য কোনো ধরনের নয়, পরিষ্কারের কাজে ব্যবহার করতে হবে সাদা টুথপেস্ট। আর জিনিস পরিষ্কারের আগে একটু পেস্ট লাগিয়ে পরখ করে নিতে হবে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়।”
সাদা চামড়ার স্নিকার্স
সাদা চামড়ার স্নিকার্সে পড়া কঠিন দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করা যায়।
এক টেবিল-চামচ সাদা টুথপেস্টের সঙ্গে এক টেবিল-চামচ বেইকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে নরম ব্রাশের সাহায্যে দাগের ওপরে ঘষতে হবে। ব্রাশ করতে হবে গোলাকারভাবে ঘুরিয়ে ও আলতোভাবে।
ব্রাশ করার পরে তা ভেজা পাতলা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
রুপার জিনিস
রুপার জিনিসের ওপরে টুথপেস্ট নিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেই টুথপেস্ট যেন সাদা করার ফর্মুলা ও জেল-ধর্মী না হয়। এরপর তা ধুয়ে শুকিয়ে নিতে হবে।
ক্রোমিয়ামের পানির কল এবং হাতল
বাথরুমের কল বা দরজার হাতল যা দেখতে ‘সিলভার’য়ের মনে হলে আসলে ক্রোমিয়াম দিয়ে তৈরি। এগুলো ব্যবহার করতে এক ধরনের ফ্যাকাশেভাব চলে আসে।
সেটা কাটাতে অল্প পরিমাণে টুথপেস্ট একটি পরিষ্কার কাপড়ে নিয়ে সেগুলো পালিশ করতে হবে। পালিশ করার পরে মুছে পরিষ্কার করে নিতে হবে।
বাথরুমের সিঙ্ক
বাথরুমের সিঙ্ক পরিষ্কার করতে একটা ভেজা স্পঞ্জ বা কাগজের তোয়ালেতে কিছুটা টুথপেস্ট নিয়ে সিঙ্কের চারপাশ ঘষে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে তা মুছে পানি দিয়ে ধূয়ে নিতে হবে।
আরও পড়ুন
