শীতে কালচে হওয়া ঠোঁটের সমাধান
শীতের হালকা রোদও ঠোঁটের রং কালচে করে দিতে পারে।
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়। এই শুষ্ক আবহাওয়া সরাসরি প্রভাব ফেলে ত্বকে, বিশেষ করে ঠোঁটে।
কারণ ঠোঁটের ত্বক খুবই পাতলা এবং এ অংশে তেল গ্রন্থি নেই বললেই চলে।
ঠোঁট কালচে হওয়ার কয়েকটি কারণ আছে বলে জানান জারা'স বিউটি লাউঞ্জে অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপ-বিশারদ ফারহানা রুমি।
প্রথমত, পানিশূন্যতা। শীতে স্বাভাবিকভাবেই পানি কম পান করা হয়। শরীরে পানির ঘাটতি হলে ঠোঁট শুষ্ক হয়ে যায় এবং মৃত কোষ জমে কালচে রং তৈরি করে।
দ্বিতীয়ত, ঠাণ্ডা বাতাস ও রোদ। অনেকেই ভাবেন শীতে রোদ ক্ষতিকর নয়। তবে এই সময়ে রোদেও থাকে ইউভি রশ্মি, যা ঠোঁটের ‘পিগমেন্টেইশন’ বাড়াতে পারে।
তৃতীয় কারণ হল, ঠোঁটের চামড়া তোলার অভ্যাস। আবার শীতে ঠোঁট শুষ্ক লাগলে অনেকেই বারবার জিহ্বা দিয়ে ঠোঁট আর্দ্র করেন। এতে সাময়িক আরাম মিললেও লালার এনজাইম ঠোঁটের ত্বক আরও শুষ্ক করে দেয় এবং কালচেভাব বাড়ায়।
আর শেষ কারণটি হল, নিম্নমানের লিপবাম বা লিপস্টিক ব্যবহার। কেমিকেল দেওয়া এসব প্রসাধনী ঠোঁটের স্বাভাবিক রং নষ্ট করে পারে।
জীবনযাপনের সাথে সম্পর্ক
শুধু আবহাওয়া নয়, প্রতিদিনের অভ্যাসও ঠোঁটের রংয়ের ওপর বড় প্রভাব ফেলে। সিগারেটের নিকোটিন ও তাপ ঠোঁটের রক্ত সঞ্চালন ব্যাহত করে। ফলে ঠোঁটের স্বাভাবিক গোলাপি রং নষ্ট হয়ে যায়।
এছাড়া প্রতিদিন অতিরিক্ত চা বা কফি পান করলে ঠোঁট ধীরে ধীরে কালচে হতে পারে।
এছাড়া পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ, ভিটামিন বি এবং লৌহের ঘাটতিও ঠোঁটের রং নষ্ট করে বলে- জানান ফারহানা রুমি।
প্রাকৃতিক উপায়ে কমবে ঠোঁটের কালচেভাব
প্রকৃতিতে অনেক সহজ ও কার্যকর সমাধান আছে, যা ঠোঁটের কালচেভাব ধীরে ধীরে কমাতে পারে।
মধু ঠোঁটের জন্য উপকারী প্রাকৃতিক উপাদান। এতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে অল্প মধু লাগিয়ে রাখলে শুষ্কতা কমে আর ঠোঁট নরম এবং উজ্জ্বলও হয়।
“লেবু ও চিনি দিয়ে হালকা স্ক্রাবও বেশ কার্যকর” বলেন ফারহানা রুমি।
লেবুর প্রাকৃতিক অ্যাসিড মৃত কোষ দূর করে আর চিনি স্ক্রাবের কাজ করে। তবে সপ্তাহে এক–দুইবারের বেশি নয় এবং খুব হালকা হাতে ব্যবহার করাই ভালো।
নারিকেল তেল শীতে ঠোঁটের সেরা বন্ধু বলা যায়। এতে থাকা ফ্যাটি অ্যাসিডস ঠোঁট গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং কালচেভাব কমাতে উপকারী।
বাইরে বের হওয়ার আগে ও রাতে শোবার আগে ঠোঁটে নারিকেল তেল ব্যবহার কার্যকরী অভ্যাস।
“বিটের রসও ঠোঁটের রং ফিরিয়ে আনতে ভালো। রাতে অল্প বিটের রস ঠোঁটে লাগিয়ে রাখলে ধীরে ধীরে প্রাকৃতিক গোলাপি আভা ফিরে আসে” পরামর্শ দেন ফারহানা রুমি।
যে কারণে প্রাকৃতিক উপায় ঠোঁটের জন্য বেশি ভালো
ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। কেমিকেলযুক্ত প্রসাধনীতে থাকা কৃত্রিম রং, সুগন্ধি ও প্রিজারভেটিভ ঠোঁটের ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে পিগমেন্টেইশনও বাড়াতে পারে।
অন্যদিকে প্রাকৃতিক উপাদান সাধারণত ত্বকের সঙ্গে সহজে মানিয়ে নেয়। যা ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ধীরে ধীরে স্বাভাবিক রং ফিরিয়ে আনে।
শীতে ঠোঁট উজ্জ্বল রাখতে প্রতিদিনের যত্ন
শীতকালে ঠোঁট ভালো রাখতে সারা দিনে পর্যাপ্ত পানি পান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে বের হলে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার জরুরি, কারণ শীতের হালকা রোদও ঠোঁটের ক্ষতি করতে পারে।
আর রাতে ঘুমানোর আগে ঠোঁট পরিষ্কার করে প্রাকৃতিক তেল বা মধু লাগানো বেশ কার্যকর।
এছাড়া লিপস্টিক ব্যবহার করার আগে অবশ্যই লিপবাম ব্যবহার জরুরি। আবার দিনের শেষে লিপস্টিক ভালোভাবে তুলে ফেলার অভ্যাসও গড়তে হবে।
আরও পড়ুন
