মেইকআপ না তুলে ঘুমালে যে বিপদ লুকিয়ে আছে
যতখানি ত্বকের ক্ষতি তারচেয়েও বেশি ক্ষতি হতে পারে চোখে।
দিন শেষে ক্লান্ত শরীরে বিছানায় শুতে গিয়ে অনেক সময়ই মেইকআপ তোলার আলসেমিতে ভর করে।
আজ থাক, কাল তুলব— এমন ভেবে ঘুমিয়ে পড়েন অনেকেই। কিছু ব্রণ বা ত্বক ভারী লাগা ছাড়া বড় কিছু তো হওয়ার কথা নয়— এমন ধারণাই বেশির ভাগের।
বাস্তবতা তার চেয়ে অনেক ভয়ংকর। মেইকআপ তোলা ছাড়া ঘুমালে শুধু ত্বকেরই ক্ষতি নয়, চোখের মারাত্মক সংক্রমণও হতে পারে।
ত্বকের রাতের কাজ নষ্ট হয়ে যায়
ত্বক রাতের বেলায় নিজেকে সারিয়ে তোলার জন্য সারাদিনের ধুলা, ঘাম, তেল ও প্রসাধনীর চাপ থেকে মুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত কোষের মেরামত শুরু করে। তবে মুখে জমে থাকা মেইকআপ ও ময়লা ধুয়ে না ফেললে সেই প্রক্রিয়া ব্যাহত হয়।
রন্ধ্র বন্ধ হয়ে ব্রণ উঠতে পারে, ত্বক নিষ্প্রভ হয়ে যায়, এমনকি বয়সের ছাপও দ্রুত পড়ে। তবে সমস্যার এখানেই শেষ নয়।
ত্বকের বাইরে চোখের ঝুঁকিও বড়
যুক্তরাষ্ট্রভিত্তিক চক্ষু বিশেষজ্ঞ অ্যাশলি ব্রিসেট রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “মেইকআপ মুখে রেখে ঘুমিয়ে পড়লে, এর ক্ষুদ্র কণা ভেঙে চোখের পাতার নিচে ঢুকে পড়তে পারে। চোখের পাতার ভাঁজে আটকে থাকা এসব কণা চোখে জ্বালা সৃষ্টি করে, কখনও চোখের উপরিভাগে আঁচড়ও লাগাতে পারে। ফল হতে পারে সংক্রমণ।”
আরও বলেন, “অনেক রোগীর চোখ থেকে ঝিলিক দেওয়া কণা বা মাসকারার অংশ বের করেছি, যেগুলো পাতার নিচে গেঁথে ছিল।“
সামান্য জ্বালা থেকে বড় রোগ
চোখের ক্ষুদ্র আঁচড় বা সংক্রমণ- শুরুতে হালকা জ্বালা কিংবা লালচে-ভাব দিয়ে দেখা দেয়। তবে সময়মতো চিকিৎসা না হলে তা মারাত্মক আকার নিতে পারে।
দৃষ্টি ঝাপসা হওয়া, চোখ ফুলে যাওয়া, এমনকি অস্থায়ীভাবে দৃষ্টি শক্তি কমে যাওয়ার ঘটনাও ঘটে।
অ্যাশলি ব্রিসেট বলছেন, “সমস্যাটি অনেক সময় সাধারণ মনে করে মানুষ অবহেলা করেন। তবে সংক্রমণ বাড়লে চিকিৎসায় সময় লাগে বেশি এবং ভোগান্তিও দীর্ঘ হয়।”
চোখ ও ত্বক— দুটোরই সুরক্ষা
নিয়মিত মেইকআপ তোলা শুধু মুখের সৌন্দর্য রক্ষার বিষয় নয়, বরং চোখের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।
চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। এর ওপর সামান্য আঁচড় বা অস্বস্তিও বড় সমস্যায় রূপ নিতে পারে।
তাই ত্বককে নিশ্ছিদ্রভাবে পরিষ্কার রাখার পাশাপাশি চোখের পাতার চারপাশেও ভালোভাবে মেইকআপ তুলে ফেলা জরুরি।
দিনের শেষে নিজের যত্ন
ঘরে ফিরে সবার আগে কাপড় বদলানোর মতোই মুখ পরিষ্কার করা অভ্যাস বানিয়ে ফেলা উচিত। এতে গভীর রাতে আর আলাদা সময় বের করতে হয় না।
নিজের জন্য কয়েক মিনিট সময় রাখা ভবিষ্যতের বড় বিপদ থেকে বাঁচাতে পারে।
মেইকআপ তোলা যে কারণে মনের শান্তিও আনে
শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও দিনের শেষে মুখ পরিষ্কার করার একটি উপকার আছে।
মুখ ধোয়া মানে একরকমভাবে পুরো দিনটিকে বিদায় জানানো, নিজের দিকে মনোযোগ দেওয়া।
এতে ঘুমের মানও ভালো হয়। পরদিন ঘুম থেকে উঠে নিজেকে সতেজ ও স্বচ্ছ মনে হয়। চোখ থাকে উজ্জ্বল, ত্বক থাকে প্রশান্ত।
আরও পড়ুন
