সানস্ক্রিন ব্যবহারের সঠিক পরিমাণ নির্ধারণের উপায়
একবার মাখলেই যে সানস্ক্রিন সারাদিন কাজ করবে, সেটাও ঠিক না।
রোদপোড়া, ত্বকের অকাল বার্ধক্য আর ত্বকের ক্যান্সার প্রতিরোধে যে সানস্ক্রিনের গুরুত্ব অনেক- এটি বলার অপেক্ষা রাখে না।
তবে অনেকেই প্রয়োজনীয় পরিমাণ সানস্ক্রিন মুখে ব্যবহার করেন না।
‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি এই বিষয়ে বলেন, “সাধারণত মানুষ মুখে প্রয়োজনীয় সানস্ক্রিনের মাত্র ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ব্যবহার করেন। ফলে বোতলে লেখা সানস্ক্রিনের সূরক্ষা মাত্রা বা সূচক এসপিএফ ৩০ বা ৫০ পুরোপুরি কাজ করে না।”
তার মতে, “মুখে এবং ঘাড়ে সঠিক সুরক্ষার জন্য প্রায় এক-চতুর্থাংশ থেকে অর্ধেক চা-চামচ পরিমাণ সানস্ক্রিন প্রয়োজন। তবে রান্নাঘরের চামচ নিয়ে প্রতিদিন পরিমাপ করে সানস্ক্রিন ব্যবহার করতে না চাইলে আঙুল মেপেও দেওয়া যায়।”
আঙুল দিয়ে মাপা কী?
‘বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পারলার’য়ে রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “মুখ ও ঘাড়ে যথেষ্ট পরিমাণ দেওয়ার জন্য দুই থেকে তিন আঙুলের দৈর্ঘ্য পর্যন্ত সানস্ক্রিনের পরিমাণ ব্যবহার করতে হবে।”
এই পদ্ধতিতে তর্জনী, মধ্যমা ও অনামিকার ওপর একটি করে দাগ টেনে একরেখায় তিন আঙুলে সানস্ক্রিন করতে হবে। এটাই মুখ ও ঘাড়ের জন্য যথেষ্ট পরিমাণ।
তিনি আরও বলেন, “অনেকেই মনে করেন মেইকআপ বা ফাউন্ডেশনে যে সূর্যরোধক উপাদান থাকে, সেটাই যথেষ্ট। তবে বাস্তবে, কেউই এত পরিমাণ ফাউন্ডেশন ব্যবহার করেন না যা এসপিএফ সুরক্ষা দিতে পারে। ফলে আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করাই নিরাপদ।”
সানস্ক্রিন ব্যবহারের সময় যে জায়গাগুলোতে মাখতেই হবে
এই দুই রূপ-বিশেষজ্ঞ মত দেন যে- সানস্ক্রিন দেওয়ার সময় অনেকে কান, ঠোঁট ও চোখের পাতা ভুলে যান। অথচ সূর্যের ক্ষতিকর রশ্মি এ অংশগুলোতেও সমানভাবে আঘাত করে। তাই মুখে সানস্ক্রিন লাগানোর সময় এই অংশগুলো যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।
কখন পুনরায় সানস্ক্রিন লাগাবেন?
সানস্ক্রিন একবার ব্যবহার করলেই দিনভর সুরক্ষা পাওয়া যায় না। বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
যদি গোসল করা বা অতিরিক্ত ঘাম হয়, তাহলেও পুনরায় সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন পড়বে।
আরও পড়ুন
