২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কখন মেহেদি দিলে ঈদের দিন ফুটবে রং ভালো

প্রাকৃতিক মেহেদি ব্যবহার করলে নির্দিষ্ট সময়ের পর রং গাঢ় হতে থাকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 04:52 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

নতুন পোশাক, গয়না, ঘর সাজানো সবকিছুর পাশাপাশি ঈদের আরেকটি আনন্দ মেহেদি।

ঈদের কয়েক দিন আগে থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত হাতে মেহেদি পরার আয়োজন আরেকটি উৎসবের রূপ পেয়েছে।

মেহেদি পরাকে ঘিরে এখন আয়োজন হয় মেলা, যেখানে মেহেদি নকশাবিদদের থেকে মেহেদি পরা যায় সহজেই। এছাড়া বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে আলাদা করে ঘরোয়া মেহেদি পরার অনুষ্ঠানও আয়োজন করে অনেকেই।

বিয়ের মেহেদি উৎসবের মতো ঈদ মেহেদি উৎসবও এখন বেশ জনপ্রিয়।

মেহেদি উৎসবের সঠিক সময়

ঈদের মেহেদি সাধারণত চাঁদ রাতেই অনেকে পরেন। একেবারে শেষের সময়টি বেছে নেন এই ভেবে যে, এই সময় পরলে মেহেদির রং সবচেয়ে গাঢ় হয়ে ওঠে এবং ঈদের দিন সুন্দর দেখায়।

তবে মেহেদি নকশাবিদ নওরীন আমিন বলেন, “যদি প্রাকৃতিক মেহেদি দেওয়া হয় তবে ঈদের ৪৮ ঘন্টা আগে পরা উচিত। এতে মেহেদির সবচেয়ে গাঢ় রং পাওয়া যায়। প্রাকৃতিক মেহেদি সাথেই রং ছাড়ে না।”

“আর যে মেহেদি কিছু সময় রাখলেই রং দেয় তা মূলত লাল রং মেশানো কেমিকেল। এই ধরনের পণ্য ত্বকের জন্যও খুব বেশি ক্ষতিকর”- মন্তব্য করেন নওরীন।

তিবি আরও বলেন, “মেহেদির রংয়ের বিষয়টি ছাড়াও চাঁদ রাতের ভিড় এড়াতে অনেকেই কয়েক দিন আগে মেহেদি পরেন।"

তাই মেহেদির গাঢ় রং পেতে সময় বেছে নেওয়ার বিষয়টি মাথায় রাখা দরকার।

কেমন হতে পারে মেহেদি আয়োজনের ধরন ও পরিবেশ

মেহেদি উৎসব বড় কিছু না হলেও ছোট করে সুন্দরভাবে আয়োজন করা যায়। বাসার ছাদ, বারান্দা বা বসার ঘরেই করা যেতে পারে এই আয়োজন।

কিছু রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ কিংবা কুশন দিয়ে বসার ব্যবস্থা করলে পরিবেশে আসবে ঈদের আমেজ।

এই মেহেদি শিল্পীর মতে, “মেহেদি দেওয়ার সময় পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধু ও পরিবারের সদস্যরা মিলে হালকা গান, গল্প আর হাসির মধ্যে মেহেদি দিলে সেটি শুধু সাজ নয়, ঈদ স্মৃতিও হয়ে থাকে।”

মেহেদির নকশা নির্বাচন

মেহেদির নকশা নির্বাচনে কেউ হালকা ও অল্প নকশা পছন্দ করেন, আবার কেউ ভারী ও সূক্ষ্ম নকশা পছন্দ করেন। তবে এখনকার ধারার মধ্যে আছে আরবি, টার্কি, ইন্ডিয়ান ও ফিউশন নকশা।

নওরীন আমিন বলেন, “মেলায় গিয়ে হোক বা ঘরোয়া পরিবেশে- ঈদের জন্য মাঝারি ধরনের ডিজাইনই বেশি ভালো লাগে। খুব ভারী নকশা হলে তা সময়সাপেক্ষ হয়, আবার খুব হালকা হলে উৎসবের আমেজ কম লাগে।”

তাই সব মিলিয়ে নিজের সময় ও পছন্দ অনুযায়ীই নকশা নির্বাচন করা উচিত।

মেহেদির রং গাঢ় করার উপায়

মেহেদির সৌন্দর্য অনেকটাই নির্ভর করে এর রংয়ের ওপর। তাই গাঢ় রং পেতে কিছু নিয়ম মানা জরুরি।

মেহেদি দেওয়ার পর যত বেশি সময় রাখা যায় তত ভালো। শুকিয়ে যাওয়ার পর সরাসরি পানি না দিয়ে কিছু সময় পর পরিষ্কার করা উচিত।

লেবু ও চিনি মিশ্রণ ব্যবহার করলে, রং গাঢ় করতে সাহায্য করে।

“মেহেদি দেওয়ার পর অন্তত ছয়-আট ঘণ্টা না ধোয়া ভালো। এতে রং অনেক বেশি গাঢ় হয় এবং দীর্ঘস্থায়ী থাকে” বলে মত দেন নওরীন আমিন।

পোশাক ও সাজের সমন্বয়

ঘরোয়া বা মেলার মেহেদি উৎসবের সময় পোশাকও গুরুত্বপূর্ণ। একটু হালকা, আরামদায়ক এবং রঙিন পোশাকই ঈদের এই মেহেদি আয়োজনের জন্য যথাযথ।

হলুদ, সবুজ, কমলা এই ধরনের উজ্জ্বল রংই মেহেদির সঙ্গে খুব সুন্দর মানিয়ে যায়। গয়না ও মেইকআপও হালকা রাখলে ভালো লাগে।

কারণ মূল আকর্ষণ থাকে হাতে দেওয়া মেহেদি।

অতিথিদের জন্য আয়োজন

ছোট মেহেদি আয়োজনেও থাকতে পারে হালকা খাবার, মিষ্টি, শরবত বা চা। ঈদের মেহেদি অনুষ্ঠানে ছোটখাটো ফটো কর্নারও তৈরি করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ ও স্বজনদের সাথে তোলা ছবি পোস্ট করেই শুরু করা যায় ঈদের আনন্দ।

আরাম ও সময় ব্যবস্থাপনা

মেহেদি দেওয়ার সময় দীর্ঘ সময় বসে থাকতে হয়। তাই আরামদায়ক বসার ব্যবস্থা রাখা জরুরি। কুশন, পাটি বা নিচু সোফা ব্যবহার করা যেতে পারে।

একই সঙ্গে সময় ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। যদি অনেকজন একসঙ্গে মেহেদি পরতে চান, তাহলে আগে থেকেই একটি পরিকল্পনা করে নেওয়া ভালো, যাতে কারই বেশি সময় অপেক্ষা করতে না হয়।

আরও পড়ুন

চুলের বৃদ্ধি ও সুস্থতায় মেহেদি

মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করার পন্থা

মেহেদির রং ওঠাতে