২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চাই নতুন টুপি, আতর, তসবিহ, জায়নামাজ

যেমন রয়েছে দেশি পণ্য তেমনি পাওয়া যাচ্ছে নানান দেশের তসবিহ, আতর ও জায়নামাজ।

বিডিনিউজ২৪

ফেরদৌস ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 04:26 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ঈদের সকালটা শুরু হয় নামাজ দিয়ে, আর নামাজের আগে আতরের সুবাসে শরীর ভরিয়ে, হাতে তসবিহ নিয়ে, মাথায় টুপি দিয়ে, জায়নামাজ বিছিয়ে বসা— এই চারটি জিনিস ছাড়া ঈদের আয়োজন যেন অসম্পূর্ণ।

রমজানের শেষ দিকে বাজার ঘুরে এই অনুষঙ্গগুলো কেনা এখন অনেকেরই নিয়মিত অভ্যাস।  

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সাফওয়ান বিন এ হক মায়ের জন্য জায়নামাজ আর তসবিহ কিনতে এসেছেন। জায়নামাজ দেখছেন, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন মাকে। মা পছন্দ করতেই সেরে ফেললেন কেনাকাটা।

সাফওয়ান বলেন, “নামাজ পড়ার সময় মায়ের যাতে হাঁটুতে কষ্ট না হয়, সে জন্য পুরু জায়নামাজ নিয়েছি। সঙ্গে ক্রিস্টাল দানার তসবিহ।”

জায়নামাজের জগৎ

বাজারে বাহারি রং ও নকশার জায়নামাজের ছড়াছড়ি। দেশি জায়নামাজ থেকে ভারত, তুরস্ক, চীন, সৌদি আরব, পাকিস্তান ও বেলজিয়ামের আমদানি করা— সবই মিলবে।

জায়নামাজের বুনন, কোমলতা ও নকশার ওপর দাম নির্ভর করে। দেশি জায়নামাজের দাম শুরু ১৫০ টাকা থেকে। আমদানি করা বিদেশি জায়নামাজ পাওয়া যায় সাড়ে তিনশ থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।

পুরু পশমি বা ফোমযুক্ত জায়নামাজে হাঁটুতে আরাম বেশি, দামও একটু বেশি।

আতরের সুবাস

বাজারে দেশি আতরের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা আতরও পাওয়া যাচ্ছে।

জান্নাতুল ফেরদৌস, সুলতান, জান্নাতুল নাঈম, শাইখা, হাজরে আসওয়াদ, অ্যাম্বার, কস্তুরী, সুলতান, উদ, কিং হোয়াইট, আল-ফারেজ, গোলাপ, বেলী, কুল ওয়াটার— এসব নামের আতর জনপ্রিয়।

এছাড়া্ও গ্রিন আইরিশ, ব্লু দিশেনেল, আওয়াজ, ফ্যান্টাসি, ভ্যাম্পায়ার ব্লাড ইত্যাদি নামের পারফিউম ক্যাটাগরির আতরের বিক্রি ভালো।

এর বাইরে নারীরা মিস ডিওর, গুড গার্ল, ডিজনি প্রিন্সেস আতর কেনেন। এগুলোর দাম প্রতি মিলি ১০০ থেকে ১২০ টাকা।

আগে তোলা হিসেবে বিক্রি হলেও এখন মিলিলিটারে বিক্রি হয়। দেশি আতর প্রতি ৬ মিলিলিটার ১২০ থেকে ২০০ টাকা।

বিদেশি আতর প্রতি ৩ মিলিলিটার ২০০ টাকা থেকে শুরু।

অ্যাম্বার, উদ, কস্তুরীর মতো উঁচু ব্র্যান্ডের প্রতি ৩ মিলিলিটার ৩ হাজার টাকা পর্যন্ত উঠে।

তসবিহের জগৎ

বিভিন্ন রংয়ের পাথর, চন্দন কাঠ, জয়তুন কাঠ, প্লাস্টিক, ক্রিস্টাল দানা, হরিণের শিং, হাতির হাড়, হাতির দাঁত, উটের দাঁত— সব দিয়েই তসবিহ বানানো হয়। ৩৩, ১০০, ৫০০ ও ১ হাজার ঘুঁটির তসবিহ পাওয়া যায়।

দাম ১০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত।

এখন জনপ্রিয় ডিজিটাল তসবিহ— ৬০ থেকে সাড়ে তিনশ টাকা।  ৯ হাজার ৯৯৯ পর্যন্ত গোনা যায়।

কিছু কিছু ডিজিটাল তসবিহর মডেলে দিক নির্ণয়ের সুবিধাও আছে।

টুপির রাজত্ব

বায়তুল মোকাররম ‘মেহেদী স্টোর’য়ের কার্ণধার মফিজুল আলম বলেন, “ঢাকার কেরানীগঞ্জ, সাইনবোর্ড, মিরপুর, লালবাগ, চকবাজারে কারখানা গড়ে উঠেছে। বগুড়া, রংপুর, পঞ্চগড়, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, ফেনীতে হাতে তৈরি টুপির উৎপাদন বেশি। বগুড়ার শেরপুরে নারীরা জালি টুপি বানিয়ে মাথাপিছু তিন-চারশ টাকা আয় করেন।”

সাধারণ গোল টুপি ৫০ থেকে ৫০০ টাকা, এমব্রয়ডারি করা ৮০০ থেকে ১ হাজার টাকা।

পাইকারি মূল্য ২৬-৩০ টাকা হলেও খুচরায় দাম বেশি। হাজি টুপি, নেট টুপি, পাঁচ কল্লি টুপি জনপ্রিয়।

কিনতে যাবেন যেখানে

বায়তুল মোকাররম মার্কেট, পান্থপথের বসুন্ধরা সিটি, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, চকবাজার, লালবাগ, রামপুরা, উত্তরা, বনানী, মিরপুর— এসব জায়গায় পাওয়া যায়।

মসজিদ প্রাঙ্গণের ভাসমান দোকানও রয়েছে।

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, তালতলা, ফার্মগেটের ঈদ মেলাতেও মিলছে আতর, টুপি, তসবিহ আর জায়নামাজ।

আরও পড়ুন

কম দামে পুরানো স্যানিটারি পণ্যের বাজার

শ্যামলী রিং রোড: কেনাকাটা, খাবার আর আধুনিক জীবনযাপনের মিলনমেলা

ঈদের কেনাকাটা করতে গিয়ে যেসব কাজ করা ঠিক না

টঙ্গীর চেরাগ আলী মার্কেটে সিরামিকের রাজ্যে