শ্যামলী রিং রোড: কেনাকাটা, খাবার আর আধুনিক জীবনযাপনের মিলনমেলা
“চোখের সামনে রিং রোড কীভাবে যেন বেইলি রোডের মতো ‘পশ’ এলাকা হয়ে উঠলো।”
ঢাকার শ্যামলী রিং রোডে সম্প্রতি গেলে চেনা পরিচিত এলাকাটিকে আর চেনা যায় না। কয়েক বছর আগেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিরিবিলি হয়ে পড়ত এই রাস্তা। আজকাল রাতের আলোকচ্ছটায় ঝলমলে হয়ে ওঠে দুই পাশের বড় বড় ভবনগুলো।
রেস্তোরাঁ, শপিং মল, নামী ব্র্যান্ডের শো-রুম— সব মিলিয়ে এটি এখন ঢাকার অন্যতম কেনাকাটা ও খাবারের গন্তব্য।
একসময় প্রচুর গাছপালার কারণে এলাকার নাম হয়েছিল শ্যামলী। মিরপুর রোড থেকে মোহাম্মদপুর-ধানমণ্ডি যাওয়ার পথে এই অংশটি শ্যামলী রিং রোড নামে পরিচিত হয়।
পরবর্তীকালে শ্যামলী সিনেমা হলের কারণে এর পরিচিতি আরও বেড়ে যায়। তবে এখন সেই হলের জায়গায় গড়ে উঠেছে আধুনিক শ্যামলী স্কয়ার, যার মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স।
নতুন বেসরকারি অফিস, কন্ডোমিনিয়াম ও আবাসিক প্রকল্পের কারণে এলাকার চেহারা পুরোপুরি বদলে গেছে।
শ্যামলী রিং রোড এখন ঢাকার একটি উল্লেখযোগ্য ফ্যাশন ‘হাব’য়ে পরিণত হয়েছে। রাস্তার দুই ধারে রয়েছে আড়ং, ইনফিনিটি, ইয়েলো, টুয়েলভ, সারা, লা রিভ, আর্টিসান, আমব্রেলা, ভারগো, বেবিশপ, টুয়েলভ, এপেক্স, বাটা, বে ফুটওয়্যার।
আরও প্রতিবেদন
আছে আকতার, ব্রাদার্স ফার্নিচারসহ দেশের প্রায় সব নামী ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র। সুপারশপ স্বপ্ন, প্রিন্স, অ্যাগোরা, আমানা বাজার রয়েছে।
এসব দোকানের অন্দরসজ্জা ও খোলামেলা পরিসর চোখে পড়ার মতো। অনেক ব্র্যান্ড মৌসুম অনুযায়ী নিয়মিত সাজসজ্জা পরিবর্তন করে।
সন্ধ্যা নামলেই রাস্তাটি জমজমাট হয়ে ওঠে। শুধু পোশাক কেনার জন্য নয়, ‘স্ট্রিট ফুড’য়ের স্বাদ নিতেও ভিড় জমে।
সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও জাপান গার্ডেন সিটির সামনে থেকে টোকিও স্কয়ার পর্যন্ত বিস্তৃত এলাকায় থাকে স্ট্রিট ফুডের আয়োজন। পাহাড়ি খাবারের দোকান হেবাং-এ সন্ধ্যার পর দেখা যায় ব্যাপক ভিড়।
হেবাং-এর স্বত্বাধিকারী বিপলি চাকমা বলেন, “অফিস-ফেরত মানুষ বা পরিবার নিয়ে এখানে আসেন। ছুটির দিনে ভিড় এত বেশি হয় যে অনেকে আগে থেকে বুকিংও দেন।”
টাইম স্কয়ার ও শাহাবুদ্দিন মার্কেটের সামনের ফুডকোর্টেও একই চিত্র।
মোহাম্মদপুর বাবর রোডের বাসিন্দা আতাউর রহমান মুকুল বলেন, “জন্ম এ এলাকায় পঞ্চাশ বছর ধরে আছি। চোখের সামনে রিং রোড কীভাবে যেন বেইলি রোডের মতো ‘পশ’ এলাকা হয়ে উঠলো।”
এলাকায় সরকারি-বেসরকারি আবাসন প্রকল্প বাড়ায় ব্যবসায়িক কার্যক্রমও বেড়েছে। মোহাম্মদপুর, ধানমণ্ডিতে পড়ুয়া সন্তানদের পরিবার অনেকে এখন শ্যামলীতে বাসা নিচ্ছেন।
কে ক্র্যাফট ২০২২ সালে, পুরানো একটি বাড়িকে নতুন করে সাজিয়ে বিক্রয়কেন্দ্র খুলেছেন। ভেতরে পরিবার নিয়ে আরামদায়ক কেনাকাটার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।
ফুটপাতে ও ভ্যানে বিক্রি হয় বাঁশ ও বেতের তৈরি পণ্য। বিক্রেতা করিম মিয়ার ভাষায়, “আশপাশের বাসাবাড়ি বেশি হওয়ায় এসব পণ্যের চাহিদা ভালো।”
শাহাবুদ্দিন প্লাজা এখানকার আরেকটি আকর্ষণ। এখানে অনলাইনভিত্তিক অনেক বুটিক হাউসের শোরুম ও স্টুডিও রয়েছে। সাশ্রয়ী মূল্যে ফ্যাশনেবল পোশাক ও ঘর সাজানোর পণ্য পাওয়া যায়।
জাপান গার্ডেন সিটির উল্টো দিকে ফুটপাতে মেলে দামে কম কিন্তু দেখতে স্মার্ট- ছেলেদের পোশাক শার্ট, প্যান্ট, বেল্ট, মানিব্যাগ।
রিং রোডে এনএইচএ গার্ডেন সিটিতে নয়শ ফ্ল্যাট প্রকল্প। প্রায় পাঁচ হাজার লোকের বাস এই প্রকল্পে।
এখানকার বাসিন্দা ফারজানা হক বিথী বলেন, “নানান প্রয়োজনে প্রায়ই পোশাক কিনি। পরিবারের সদস্যদের নিয়ে খাবার কেনাকাটা করতে অন্য কোথাও যেতে হয় না। রিংরোডে মানসম্মত ও সাশ্রয়ী পণ্য সহজেই মেলে।”
শ্যামলী রিং রোড শুধু একটি রাস্তা নয়— এটি যেন ঢাকার আধুনিক জীবনযাপন, কেনাকাটা ও খাবারের একটি জীবন্ত প্রতিচ্ছবি।
আরও পড়ুন
