২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে ‘মামলা ঠেকানো’ হেলমেট

‘অনেক সময় হেলমেটটা ধরে রাখতে হয় যাতে বাতাসে উড়ে না যায়।’

বিডিনিউজ২৪

ফেরদৌস ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে প্রতিদিন হাজারও মোটরবাইক চালক ও যাত্রী চলাচল করেন।

সড়ক পরিবহন আইন অনুসারে চালক ও সহযাত্রী উভয়ের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক। আইন অমান্য করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে এই আইনের চাপে পড়ে অনেক রাইড শেয়ার চালক ফুটপাতের সস্তা, নিম্নমানের হেলমেট কিনে ‘মামলা ঠেকানোর’ ব্যবস্থা করছেন।

এই হেলমেটগুলো যাত্রীদের জন্য কোনো নিরাপত্তা দিতে পারে না বলে বিশেষজ্ঞ ও যাত্রীরা মনে করছেন।

আশরাফুল চার বছর ধরে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা ঢাকা শহর তার রুট।

নিজের হেলমেটের পাশাপাশি যাত্রীর জন্যও একটি হেলমেট সঙ্গে রাখেন তিনি। তবে একদিন সকালে তাড়াহুড়ায় যাত্রীর হেলমেট বাসায় ফেলে আসেন।

প্রথম যাত্রী নেওয়ার পরই ট্রাফিক পুলিশের মুখোমুখি হওয়ার আশঙ্কায় পড়েন।

মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে আসাদগেট আসার পথে ফুটওভার ব্রিজের নিচে দেখেন— সারি সারি রঙিন হেলমেট ঝুলছে রেলিংয়ে। দাম ১০০ থেকে ৩০০ টাকা। সাতপাঁচ না ভেবে একটি কিনে নেন।

আশরাফুল বলেন, “এখানে না কিনলে সেদিন মামলা হত। এসব হেলমেট শুধু পুলিশ দেখালেই কাজ হয়।”

ফুটপাতে বিক্রি, চাহিদা বাড়ছে

ঢাকার মিরপুর রোড, আসাদগেট ফুটওভার ব্রিজের নিচে, সায়েন্স ল্যাব মোড়, ফার্মগেট, মালিবাগসহ বেশ কয়েকটি স্থানে এখন ভ্রাম্যমান হেলমেট বিক্রেতাদের ভিড়।

রাজধানীর আসাদগেটে দুই বন্ধু হাসিব ও আমিন এই ব্যবসা করছেন। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিন গড়ে ২০-২৫টি হেলমেট বিক্রি হয় তাদের।

হাসিব বলেন, “এগুলোকে আমরা বলি ‘মামলা ঠেকানো হেলমেট’। দামি হেলমেট কেউ এখানে কিনতে আসে না। তাই লোকাল কারখানার সস্তা হেলমেট নিয়ে বসি।”

দাম ১০০ থেকে ৫০০ টাকা। ভাইজর লাগাতে অতিরিক্ত ১০০ টাকা।

কিছু ক্ষেত্রে পুরাতন হেলমেট মেরামতও করে দেন তারা।

বংশাল থেকে ফুটপাতে

ঢাকার সবচেয়ে বড় হেলমেটের পাইকারি বাজার বংশাল। এখানকার বেশিরভাগ দোকানে ২০০ থেকে ৫০০ টাকা দামের হেলমেট বিক্রি হয়।

বংশালের লিন অটো কর্পোরেশনের মালিক সোহেল বলেন, “এই দামের হেলমেটগুলোর কোনোটিরই বিএসটিআই অনুমোদন নেই। এগুলো তৈরি হয় মিক্সড ও রিসাইকেল প্লাস্টিক দিয়ে। ভেতরে সস্তা ফোম বা কখনও কখনও শুধু পাতলা কাপড়।”

সোহেল আরও বলেন, “রাইড শেয়ার চালকরা নিজের জন্য দু-চার হাজার টাকার হেলমেট কেনেন। কিন্তু যাত্রীর জন্য কম দামি হেলমেটই নিয়ে যান। কারণ কাস্টমারের কাছে হেলমেটের যত্ন নেওয়ার নিশ্চয়তা নেই।”

যাত্রীরা শঙ্কায়

নিয়মিত রাইড শেয়ার ব্যবহারকারী সানজিদা হক বলেন, “বেশিরভাগ হেলমেট খুব পাতলা। অনেক সময় হেলমেটটা ধরে রাখতে হয় যাতে বাতাসে উড়ে না যায়। দুর্ঘটনায় এগুলো কোনো কাজে আসবে না।”

তার মতোই অভিজ্ঞতা অনেক যাত্রীর।

মানসম্মত হেলমেট দুর্ঘটনায় মাথার গুরুতর আঘাত ৬৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে। তবে নিম্নমানের হেলমেটে কোনো সুরক্ষা নেই।

২০২৫ সালের জানুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৪৩.৪২ শতাংশ হয়েছে মোটরবাইক আরোহীদের।

ফুটপাতের এই হেলমেট ব্যবসা রাইড শেয়ার চালকদের জন্য এক ধরনের ‘জরুরি সমাধান’ হয়ে দাঁড়িয়েছে, এছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন

শীতকালীন ঘর পরিষ্কার যে কারণে বেশি প্রয়োজন

মানিব্যাগে যেসব জিনিস রাখলে বাড়তে পারে আর্থিক ঝুঁকি

সিলিন্ডার গ্যাসের খরচ কমানোর পন্থা