Published : 10 Jan 2026, 04:31 PM
মানিব্যাগে টাকা ছাড়াও পরিচয়পত্র, কার্ড সবকিছু একসঙ্গে রাখার ছোট অভ্যাসই অনেক সময় বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
পরিচয় চুরি, আর্থিক প্রতারণা কিংবা ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়ার পেছনে মানিব্যাগে রাখা কিছু অপ্রয়োজনীয় জিনিসই দায়ি।
তারমানে প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য সঙ্গে রাখা মানেই নিজেকে ঝুঁকিতে ফেলা। তাই মানিব্যাগ যত হালকা ও প্রয়োজনভিত্তিক হবে, নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে।
অপ্রয়োজনীয় কাগজই বড় বিপদের শুরু
অনেকেই মানিব্যাগে পুরানো কাগজ, কার্ড কিংবা নানান রসিদ জমিয়ে রাখেন। তবে প্রতিদিনের জীবনে যে তথ্যগুলো একেবারেই দরকার নেই, সেগুলো সঙ্গে রাখা মানে অযথা ঝুঁকি বাড়ানো।
কেউ যদি মানিব্যাগ হারিয়ে ফেলেন কিংবা চুরি হয়ে যায়, তাহলে এই কাগজপত্র থেকেই প্রতারকরা ধীরে ধীরে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নেয়।
তাই মানিব্যাগ গোছাতে হবে ঠিক ভ্রমণে বের হওয়ার মতো মানসিকতা নিয়ে যা একেবারে দরকার, শুধু সেটুকুই রাখতে হবে।
পাসপোর্ট মানিব্যাগে নয়
পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হলেও সেটি মানিব্যাগে রাখা উচিত নয়। পাসপোর্ট হারালে সেটি অপরাধীদের হাতে পড়তে পারে। এছাড়া অনলাইনে অবৈধভাবে বিক্রি হওয়ার আশঙ্কাও থাকে।
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘আইডেন্টিটি থেফট রিসোর্স সেন্টার’-এর কর্মকর্তা ইভা ভেলাসকুয়েজ বলেন, “ঝুঁকি কমাতে হলে একটি পরিচয়পত্র বেছে নিতে হবে। প্রতিদিনের কাজে ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট, পাসপোর্ট ঘরে নিরাপদে রাখা উচিত।”
ব্যাংক কার্ডে লুকানো ঝুঁকি
ডেবিট কার্ড মানিব্যাগে রাখা অনেকের কাছেই স্বাভাবিক।
তবে বিশেষজ্ঞরা সাবধানা করছেন, এটি আর্থিক দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ।
ইভা ভেলাসকুয়েজের কথায়, “ডেবিট কার্ড ব্যবহার করে কেউ প্রতারণা করলে টাকা সরাসরি ব্যাংক হিসাব থেকে কেটে যায়। তদন্ত চলাকালে ব্যাংক সাময়িকভাবে টাকা ফেরত দিলেও পরে আবার কেটে নেওয়ার ঘটনাও ঘটে অনেক সময়। দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ক্রেডিট কার্ড রাখাই তুলনামূলক নিরাপদ।”
পুরানো রসিদও বিপদ ডেকে আনে
অনেকে ভাবেন, পুরানো কেনাকাটার রসিদে কি আর এমন তথ্য আছে?
তবে বাস্তবে এই ছোট কাগজই প্রতারণার অনেক উপাদান থাকতে পারে।
ভেলাসকুয়েজ বলেন, “রসিদে থাকা দোকানের নাম, কেনাকাটার ধরন কিংবা কার্ড নম্বরের শেষ কয়েকটি সংখ্যা ব্যবহার করে প্রতারণা করা যায়। পরে ফোন করে নিজেকে ব্যাংক বা কার্ড কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে আরও গোপন তথ্যও আদায় করে নেয় অপরাধীরা। তাই মানিব্যাগে রসিদ জমিয়ে রাখার অভ্যাস বাদ দেওয়াই সঠিক কাজ।”
অতিরিক্ত চাবি মানিব্যাগে রাখা মানেই বিপদ
অনেকেই নিরাপত্তার কথা ভেবে মানিব্যাগে বাড়ির অতিরিক্ত চাবি রাখেন। তবে বাস্তবে এটি উল্টো ঝুঁকি তৈরি করে।
যদি মানিব্যাগের সঙ্গে পরিচয়পত্রও থাকে, তাহলে অপরাধী সহজেই বাড়ির ঠিকানা জেনে যায়। ফলে মানিব্যাগ হারানো মানেই বাড়ির নিরাপত্তা ঝুঁকিতে পড়া।
তাই অতিরিক্ত চাবি কখনই মানিব্যাগে রাখা উচিত নয়।
পাসওয়ার্ড লেখা কাগজ সবচেয়ে বড় ভুল
অনেকগুলো পাসওয়ার্ড থাকলে তার সব মনে রাখা কঠিন। এ কারণে মানিব্যাগে কাগজে পাসওয়ার্ড লিখে রাখা মারাত্মক ভুল।
এটি হারালে বা চুরি হলে ব্যক্তিগত সব হিসাব ঝুঁকিতে পড়ে। প্রতিটি মুহূর্তে সব পাসওয়ার্ড সঙ্গে রাখার কোনো প্রয়োজন নেই। নিরাপদ ডিজিটাল ব্যবস্থার ওপর ভরসা করাই ভালো- মন্তব্য করেন ভেলাসকুয়েজ।
তাহলে মানিব্যাগে কী থাকবে?
সবকিছু বাদ দিলেও মানিব্যাগ একেবারে খালি রাখা যাবে না।
ভেলাসকুয়েজের পরামর্শ অনুযায়ী, “একটি মাত্র পরিচয়পত্র রাখা যথেষ্ট। সঙ্গে একটি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে দৈনন্দিন কেনাকাটার কাজ চলে যায় এবং প্রতারণা হলেও সুরক্ষা তুলনামূলক বেশি পাওয়া যায়।”
পাশাপাশি একটি জরুরি যোগাযোগের কার্ড, যেমন- অফিসের আইডি কার্ড রাখা খুবই গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা বা মানিব্যাগ হারানোর ক্ষেত্রে এই ছোট কার্ডই জীবনরক্ষায় সহায়ক হয়।
আরও পড়ুন
হাতব্যাগ থেকে যে জিনিসগুলো কমাতে পারেন প্রতিদিন
দেহ পরিষ্কার করতে লুফা মোটেই নিরাপদ না