নতুন বছরে ঘর সাজাবে উষ্ণ রংয়ে
আরাম ও প্রাকৃতিক উষ্ণতাই হবে আগামী বছরের সাজসজ্জার মূল সুর।
শীত আসি আসি করছে। বছরও শেষ হতে চলেছে। আর এই সময়ে যদি ঘরের দেয়ালের রং বদলানোর প্রয়োজন হয় তবে বেছে নেওয়া যেতে নানান উষ্ণ রং।
তাছাড়া দেয়ালের রং বদলানো মানেই নতুন অনুভূতি, নতুন আবহ। তাই প্রতিবছরই জনপ্রিয় রং প্রস্তুতকারক সংস্থাগুলো তাদের ‘বর্ষসেরা রং’ ঘোষণা করে। যাতে বোঝা যায় কোন রং আগামী বছরে প্রভাব বহুল ব্যবহৃত হবে।
২০২৬ সালেও এর ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক রং প্রস্তুতকারক সংস্থা শেরউইন-উইলিয়ামস এবং বেনজামিন মুর ইতিমধ্যেই তাদের রংয়ের পূর্বাভাস দিয়েছে।
যেখানে একসময় ঠাণ্ডা ধূসর ছিল আধুনিকতার প্রতীক, এখন সেটি ধীরে ধীরে জায়গা হারাচ্ছে উষ্ণ নিরপেক্ষ রংয়ের কাছে।
অন্দরসজ্জা প্রতিষ্ঠান চতুষ্কোণের পরিচালক কান্তা কবির বলেন, “ঠাণ্ডা ধূসর রংয়ের বদলে যুগ এখন অনেক বেশি ব্যবহার হচ্ছে আরামদায়ক উষ্ণ রং। এই রংগুলো শুধু ঘরকে সুন্দরই করে না, বরং এক ধরনের শান্ত ও ঘনিষ্ঠ অনুভূতিও দেয়।”
উষ্ণ: নতুন নিরপেক্ষ রংয়ের রাজত্ব
নতুন বছরের সবচেয়ে আলোচিত রং হিসেবে উঠে এসেছে উষ্ণ খাকি। উষ্ণ খাকি এখন নতুন ‘ভিত্তিমূলক নিরপেক্ষ’ রং। এটি অতিরিক্ত সাদা বা ধূসর রংয়ের মতো ঠাণ্ডা নয়। বরং এটি এমন একটি উষ্ণ ছায়া, যা সহজেই উভয় ধরনের রংয়ের সঙ্গে মানিয়ে যায়।
অর্থাৎ সেটা ঠাণ্ডা হোক বা উষ্ণ। ফলে এটি যে কোনো ঘরে একধরনের ভারসাম্যপূর্ণ আভা তৈরি করে।
এই রং মূলত প্রাকৃতিক আলো ও উপাদানের সঙ্গে মিশে যায়। তাই বড় কক্ষ উষ্ণ রং ব্যবহার করলে ঘর আরও গভীরতা ও নরমত্ব পায়।
অন্যদিকে মাটির মতো হালকা মলিন রংটি এই সময়ের সেরা উদাহরণ।
কান্তা কবিরের মতে, "প্রকৃতি থেকে আসা উষ্ণ রংয়ের প্রতি মানুষের টান বাড়ছে। কাঠ, মাটি, সূর্যাস্তের টোন এসবের ছোঁয়া রংয়ে ফিরে আসছে।”
প্রকৃতির রংয়ে ফিরে যাওয়া
তবে শুধু উষ্ণ নয়, নকশাবিদদের চোখে আরও কিছু রং ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। এখন এমন ঘর চাওয়া হয়- যা আরামদায়ক, আত্মীয়তাপূর্ণ এবং প্রকৃতির মতো মাটির গন্ধমাখা।
তাই গাঢ় জলপাই, মরিচা রং, নীল-কালো কিংবা তামাটে বাদামির মতো রংগুলো জনপ্রিয় হচ্ছে। এগুলো ঘরে এনে দেয় গভীরতা ও প্রশান্তি।
এই ভাবনাই বিশ্বজুড়ে ‘ব্যাক টু নেচার’ বা প্রকৃতির কাছে ফেরা এই ধারাকে এগিয়ে নিচ্ছে। মানুষ এখন আর চকচকে বা অতিরিক্ত সাদা মিনিমাল ঘরে স্বস্তি পাচ্ছে না। বরং একটু অসমান টেক্সচার, হাতে বানানো টালি, প্রাকৃতিক পাথর—এসবই এখন নকশার অংশ হয়ে উঠছে।
দিন শেষে এমন ঘরেই ফিরতে মন চায় যার মধ্যে গল্প আছে। একঘেয়ে, সাদা-সাদা ঘর নয়; বরং একটু পুরোনো রং, একটু দাগ, একটু স্মৃতি এসবই ঘরকে বাস্তব ও উষ্ণ করে তোলে।
অতিমাত্রায় সাজানো-গোছানো ঘরের চেয়ে যুগ এখন ঘরকে এমনভাবে সাজানো হচ্ছে, যেন সেখানে জীবন প্রবাহিত হয়। যেখানে প্রতিটি বস্তু, প্রতিটি দেয়াল নিজের মতো করে কথা বলে।
ডিজিটাল যুগে শান্তির আশ্রয়
প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের ভিড়ে যখন চারপাশ ক্রমশ কোলাহলপূর্ণ হয়ে উঠছে, তখন বাড়ি হয়ে উঠছে একমাত্র শান্তির স্থান। তাই নতুন বছরে রংয়ের প্রবণতা মূলত ‘মানসিক প্রশান্তি’ কেন্দ্রিক।
উষ্ণ, জলপাই, বাদামি বা নরম ক্রিম এই রংগুলো ঘরে এনে দিচ্ছে সেই কাঙ্ক্ষিত ভারসাম্য।
আরও পড়ুন
