২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ডাল না ছোলা: কোনটি স্বাস্থ্যকর?

ওজন নিয়ন্ত্রণে রাখতে ডাল ও ছোলা কার্যকর। তবে পুষ্টিগুণের দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

খাবারের তালিকায় ডাল ও ছোলা পরিচিত উপাদান। দুটিই প্রোটিন, আঁশ, ফোলেইট ও লৌহের ভালো উৎস।

তবে পুষ্টিবিদরা বলেন, ডাল সামান্য এগিয়ে আছে পুষ্টিগুণের দিক দিয়ে।

যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ শেরি গা রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে  বলেন, “ডালে রয়েছে প্রোটিন, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফোলেইট, লৌহ ও পটাসিয়ামের মতো উপাদান। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।”

অন্যদিকে, ছোলাও কম যায় না। ছোলায় আছে প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি গ্রুপ, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম।

যুক্তরাষ্ট্রের আরেক পুষ্টিবিদ মেগি কনেলি বলেন, “ছোলা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এর আঁশ ও স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য উপকারী।”

ডালের পুষ্টিগুণ

এক কাপ রান্না করা ডালে রয়েছে-

ক্যালোরি: ২৩০

কার্বোহাইড্রেইট: ৩৯.৮ গ্রাম

আঁশ: ১৫.৬ গ্রাম

প্রোটিন: ১৭.৯ গ্রাম

চর্বি: ০.৭৫ গ্রাম

ফোলেইট: ৩৫৮ মাইক্রোগ্রাম

লৌহ: ৬.৫৯ মিলিগ্রাম

পটাসিয়াম: ৭৩১ মিলিগ্রাম

ডাল ছোট হওয়াতে দ্রুত রান্না হয়। তাই এটি ব্যস্ত সময়ে সহজেই রান্নার তালিকায় রাখা সম্ভব।

মেগি কনেলির মতে, "ডাল মাংসের সাথে মিশিয়ে, স্যুপ, সালাদে ব্যবহার করা যায়।"

ছোলার পুষ্টিগুণ

এক কাপ রান্না করা ছোলায় রয়েছে-

ক্যালোরি: ২৬৯

কার্বোহাইড্রেইট: ৪৪.৯ গ্রাম

আঁশ: ১২.৫ গ্রাম

প্রোটিন: ১৪.৫ গ্রাম

চর্বি: ৪.২৫ গ্রাম

ফোলেইট: ২৮২ মাইক্রোগ্রাম

লৌহ: ৪.৭৪ মিলিগ্রাম

পটাসিয়াম: ৪৭৭ মিলিগ্রাম

ম্যাঙ্গানিজ: ১.৬৯ মিলিগ্রাম

ম্যাগনেসিয়াম: ৭৮.৭ মিলিগ্রাম

ছোলার স্বাদ বাদামি ও মাখনের মতো, আর গঠনটা তুলনামূলক ক্রিইমি। সালাদ, স্ট্যু, স্যুপ কিংবা সবজির নাস্তা হিসেবেও খাওয়া যায়।

ডাল বনাম ছোলা: কোনটি ভালো?

পুষ্টির দিক থেকে ডালে প্রোটিন, আঁশ ও লৌহ সামান্য বেশি থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে ডাল বেশি উপকারী হতে পারে।

শেরি গা বলেন, “ডালে চর্বি প্রায় নেই বললেই চলে, ক্যালোরিও কম। ফলে যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি ভালো বিকল্প।”

অন্যদিকে, ছোলায় রয়েছে স্বাস্থ্যকর চর্বি, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।

শেরি গা’ আরও বলেন, “ছোলার অসম্পৃক্ত চর্বি ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।”

আরও পড়ুন

বাদামি চিনি বনাম সাদা চিনি

কাঠবাদামের বাদামি গুঁড়া নাকি ময়দা- কোনটি স্বাস্থ্যকর?

বাদামি চাল খাওয়ার প্রভাব