মনোযোগী খাওয়া: কমাবে অতিরিক্ত খাওয়ার অভ্যাস
ওজন কমাতে খাবারে স্বাদ, গন্ধ, রং বুঝে ধীরে খাওয়া উপকারী।
সুস্বাদু খাবারের সামনে এলে অনেকেই নিজের সংযম হারিয়ে ফেলেন। আর পছন্দের মিষ্টি, তেলেভাজা বা ফাস্টফুডের লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেন অতিরিক্ত।
মাঝে মাঝে এমনটা হওয়া স্বাভাবিক। তবে নিয়মিতভাবে এমন ঘটলে শারীরিক ও মানসিক— দুই দিক থেকেই প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলেন, এ অবস্থায় মনোযোগী বা ‘মাইন্ডফুল’ খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত কার্যকর হতে পারে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়– অধিভুক্ত ‘ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে’য়ের ‘সেন্টার ফর নিউরোইনটেস্টাইনাল হেল্থ’য়ের ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিহেভিয়ারাল হেল্থ প্রোগ্রাম’য়ের পরিচালক ও মনোবিজ্ঞানী হেলেন বার্টন মারে হার্ভার্ড হেল্থ পাবলিশিং- এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা অতিরিক্ত খাচ্ছেন। তারা খাওয়া শেষ হওয়ার পরই টের পান। এই অবচেতন খাওয়ার অভ্যাস কমাতে মনোযোগী খাওয়ার চর্চা দারুণভাবে সাহায্য করতে পারে।”
‘মনোযোগী খাওয়া’ বলতে কী বোঝায়?
মনোযোগী খাওয়া মানে হল- খাওয়ার সময় পুরোপুরি সেই মুহূর্তে মনোযোগ দেওয়া। খাবারের স্বাদ, গন্ধ, রং, গঠন, এমনকি খাওয়ার সময় শরীর ও মনে যে অনুভূতি তৈরি হয়, তা লক্ষ করা।
হেলেন বার্টন মারে বলেন, “যখন খেতে বসেন, তখন ভাবুন এই খাবার দেখতে কেমন, এর গন্ধ কেমন, মুখে গেলে কী অনুভূতি হয়, কোনো স্মৃতি জাগে কি-না। এই সচেতনতা খাওয়ার গতি কমিয়ে দেয় এবং শরীরের ক্ষুধা ও তৃপ্তির সংকেতগুলো বোঝা সহজ হয়।”
মনোযোগী খাওয়ার এই অভ্যাস মানুষকে “দেখলাম, নিলাম, খেলাম” ধরনের স্বয়ংক্রিয় আচরণ থেকে সরিয়ে এনে খাবার বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
খাওয়ার সময় সচেতন থাকার কিছু কৌশল
মনোযোগী খাওয়ার মূল উদ্দেশ্য হল- খাওয়ার সময় শরীর ও মনের সংযোগকে সক্রিয় রাখা। এজন্য কিছু সহজ নিয়ম অনুসরণ করা যেতে পারে।
মনোযোগ নষ্টকারী কিছু এড়িয়ে চলা: খাওয়ার সময় টেলিভিশন, মোবাইল বা কম্পিউটার বন্ধ রাখুন। শান্ত পরিবেশে, সাজানো-গোছানো জায়গায় খাবার খাওয়ার চেষ্টা করা উচিত।
ধীরে খান: খাবার চিবিয়ে ধীরে খান। প্রতি কামড়ের পর খাবার মুখে দেওয়া বন্ধ রাখা। চেষ্টা করতে হবে অন্তত ২০ মিনিট ধরে খাবার শেষ করার। এতে মস্তিষ্ক বুঝে নিতে পারে কখন পেট ভরে গেছে, ফলে অপ্রয়োজনীয় অতিরিক্ত খাওয়া বন্ধ হয়।
প্লেটে কম পরিমাণ পরিবেশন করা: ছোট প্লেটে খাবার পরিবেশন করলে পরিমাণে কম খাওয়া হয়। তাতে মনে হয় না নিজেকে বঞ্চিত করছেন।
প্রথম কামড়টিকে উপভোগ: খাবারের প্রথম কয়েকটি কামড়ের সময় এর রং, গন্ধ ও স্বাদ অনুভব করা উচিত। এভাবেই খাওয়ার প্রতি মনোযোগ তৈরি হয়।
সচেতনতার অনুশীলন বাড়াতে অতিরিক্ত কিছু ব্যায়াম
মনোযোগী খাওয়া ঠিকভাবে আয়ত্ত করতে খাওয়ার বাইরের সময়েও কিছু মানসিক ব্যায়াম করা যেতে পারে। এতে মনোযোগ ও সংযম দুটোই বাড়ে।
গভীর শ্বাসের অনুশীলন: হেলেন বার্টন মারে বলেন, “ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়া। শ্বাস নেওয়ার সময় পেট একটু ফুলে উঠবে, আর ছাড়ার সময় পেট ভেতরে যাবে। এতে ‘ডায়াফ্রাম’ সক্রিয় হয়, যা মস্তিষ্ক ও পেটের স্নায়ুর মধ্যে ভারসাম্য আনে এবং শরীরকে শিথিল করে।”
পেশি শিথিলকরণ অনুশীলন: এই ব্যায়ামে এক এক করে বড় বড় পেশিগুলো ২০ সেকেন্ড ধরে টানটান করে ধরতে হয়, তারপর ছেড়ে দিতে হয়। ছাড়ার সময় পেশির স্বস্তি ও হালকা ভাবটি অনুভব করা। এতে শরীরের টান কমে এবং মন শান্ত হয়।
সচেতনভাবে হাঁটা: প্রতিদিন অন্তত পাঁচ মিনিট হাঁটার সময় চারপাশের প্রকৃতি নজর দেওয়া উচিত। পাতার রং কেমন, বাতাসে কেমন গন্ধ, রাস্তায় কোনো ফাটল আছে কি-না, মুখে বাতাসের স্পর্শ কেমন লাগছে। এভাবে হাঁটলে মন একাগ্র হয়।
যোগব্যায়াম বা থাই চি: প্রাচীন এই দুই ব্যায়াম পদ্ধতিতেই শ্বাসের নিয়ন্ত্রণ ও শরীরের অনুভূতিতে মনোযোগ দেওয়া হয়। নিয়মিত চর্চা মানসিক প্রশান্তি এনে দেয় এবং খাবার সম্পর্কেও সচেতনতা বাড়ায়।
ডায়েরি লেখা: দিন শেষে কয়েকটি লাইন লিখে রাখা। দিনটা কেমন কাটল, কী কী দেখলেন, শুনলেন, গন্ধ পেলেন বা স্পর্শ করলেন। এতে নিজের অনুভূতির প্রতি সচেতনতা বাড়ে, যা খাওয়ার সময়েও কাজে আসে।
খাবার নয়, অনুভূতি বোঝার অভ্যাস: অনেক সময় ক্ষুধার কারণে নয়, বরং একঘেয়েমি, দুশ্চিন্তা বা দুঃখের কারণে খাওয়া হয়। মনোযোগী খাওয়ার অনুশীলনে এই পার্থক্যটা বোঝা সহজ হয়। এভাবে বোঝা যায় এখন কি সত্যিই খিদে পেয়েছে? নাকি কেবল মন খারাপের কারণে খাবার খেতে ইচ্ছে করছে।
হেলেন বার্টন মারে বলেন, “মনোযোগী খাওয়া, সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেয়। বোঝা যায় কী খাচ্ছেন, কেন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন।”
তবে তিনি পরামর্শ দেন, যদি খাওয়া সম্পর্কিত চিন্তা বা আচরণ দৈনন্দিন জীবনে বাধা তৈরি করে, তাহলে চিকিৎসক বা মনোবিজ্ঞানীর সঙ্গে পরামর্শ করা জরুরি।
ছোট থেকে শুরু
অনেকে ভাবেন সারাদিন সচেতন থাকা খুব কঠিন। আসলে তা নয়। দিনে কয়েকটি মুহূর্ত বেছে নিতে হবে। হোক তা সকালের নাশতার সময় বা বিকেলের নাস্তা। ধীরে ধীরে এই সচেতনতা জীবনের অংশ হয়ে উঠবে।
মনোযোগী খাওয়ার চর্চা শুধু অতিরিক্ত খাওয়া কমায় না, বরং খাবারের প্রতি কৃতজ্ঞতা, আত্মনিয়ন্ত্রণ ও শরীরের সঙ্গে সংযোগ বাড়ায়।
আরও পড়ুন
