২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোডে ফখরুদ্দিনের ইফতারি

প্রতিবছরই রাজধানীর বেইলি রোড এলাকায় ইফতারের আয়োজন করে আসছে ফখরুদ্দিন বিরিয়ানি। এবার এই  এলাকার ইফতার বাজার খুব একটা জমে না উঠলেও ধারাবাহিকতা বজায় রেখেছে ফখরুদ্দিন।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2015, 05:51 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

৪৬টি পদ নিয়ে সাজানো এবারের আয়োজন করা হয়েছে রমনা থানা জামে মসজিদের উল্টো পাশে। শুরু হয়েছে রমজানের প্রথম দিন থেকেই।

ফখরুদ্দিনের পরিচালক পারভেজ হোসেন বলেন, “১৯৬৬ সালে এই এলাকা থেকেই যাত্রা শুরু করেছিল ফখরুদ্দিন বিরিয়ানি। সেজন্য প্রতিবছর এই এলাকায় ইফতারের আয়োজন করা হয়।”

তিনি আরও বলেন, “এখানে বসে ইফতার করার কোনো ব্যবস্থা নেই। তবে রাজধানীতে আমাদের সবগুলো আউটলেটেই বসে ইফতার করার ব্যবস্থা আছে। ক্রেতাদের জন্য আছে ২২টি আইটেমের ইফতার বাফেট, দাম জনপ্রতি সাড়ে চারশ টাকা।”

“আমাদের এবারের আয়োজনে নতুন যোগ হয়েছে ফ্রাইড চিকেন, চিকেন শর্মা, বিফ শর্মা, মিষ্টি দই, রসমালাই ইত্যাদি। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হালিম, গরু-খাসির চাপ ও কাবাবের আইটেমগুলো। বিক্রি শুরু করি দুপুর দুইটা থেকে। তবে বিকেল সাড়ে চারটা থেকে ক্রেতাদের ভিড় শুরু হয়। ইফতারের আগে ছয়টার মধ্যেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়।” বললেন হোসেন।

ইফতার বাজারের গেট দিয়ে ঢুকতেই হাতের ডানে একটি টেবিল বসিয়ে বিক্রি হচ্ছে কয়েক ধরনের খেজুর, রুহ-আফজা ও অন্যান্য পানীয়। ভেতরে গোল করে টেবিল বসিয়ে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবারগুলো। আর পেছনেই আছে রান্নার ব্যবস্থা। রান্না হচ্ছে মাংস, হালিম। ভাজা হচ্ছে কাবাব ও জিলাপি।

খাসির হালিমের মাঝারি বাটির দাম ৩শ’ টাকা আর বড় বাটির দাম ৫শ’ টাকা। মুরগির হালিমের মাঝারি বাটি মিলবে ৪শ’ টাকায়, বড় বাটি ৬শ’ টাকা। গরু-খাসির চাপ ও রেজালার কেজি হিসেবে মূল্য ৬শ’ থেকে ৭শ’ টাকা।

এক কেজি শিক কাবাব কিনতে গুনতে হতে ১ হাজার ২শ’ টাকা। জালি কাবাব, মুঠিয়া কাবাব, টিকিয়া কাবাব, শামিকাবাব প্রতিটির দাম ৩৫ টাকা।

চিকেন ক্রাম ফ্রাই, চিকেন রোস্ট, চিকেন চাপ, চিকেন টিক্কা, চিকেন অ্যারাবিয়ান শর্মার দাম ১১০ টাকা প্রতিটি। আস্ত মুরগির রোস্ট ৪৪০ টাকা। খাসির লেগ রোস্ট ৭শ’ টাকা।

কিমা চপ, কিমা পুরি, কিমা সমুচা, স্প্রিং রোল, ভেজিটেবল রোল ও পনির সমুচার দাম ২০ টাকা প্রতিটি। পিঁয়াজু, বেগুনি, বেসন চপ, পাকোড়া ছয় টাকা করে। ছোলা প্রতি কেজি ২শ’ টাকা।

ফুল বক্স খাসির কাচ্চি পাওয়া যাবে ২শ’ টাকায়। আর তেহেরির দাম আড়াইশ টাকা। বোরহানি ৬০ টাকা।

মোটা জিলাপি কেজি প্রতি ২শ’ টাকা, চিকন জিলাপি কেজি প্রতি ৪শ’ টাকা। বুন্দিয়া আড়াইশ টাকা কেজি, রসমালাই ২২৫ টাকা কেজি, মিষ্টি দই আড়াইশ টাকা বাটি, ফিরনি দুইশ টাকা বক্স।

রেস্তোরাঁয় সেহরি

খিলগাঁয়ের ইফতারি

গুলশানের ইফতারি

বনানীতে ইফতারি

ধানমণ্ডিতে ইফতার