হোটেল সারিনার যত রেস্তোরাঁ
রাজধানীর বনানীতে অবস্থিত সারিনা হোটেলের যাত্রা শুরু হয় ১১ বছর আগে। এই হোটেলে আছে চারটি রেস্তোরাঁ।
এই প্রতিবেদনে থাকছে তাদের সবকটি রেস্তোরাঁর খবর।
সামারফিল্ডস
একে মাল্টি কুইজিন রেস্তোরাঁ বলাই ভালো। এখানে সকালের নাস্তা ও দুপুরের খাবার আয়োজন থাকে বুফের আদলে। আর বাকি সময় খাবার বেছে নেওয়া যাবে মেন্যু থেকে।
লাঞ্চে থাকে প্রধানত ইতালীয়, কন্টিনেন্টাল আর প্যান এশিয়ান খাবারের মিশ্র সমাহার। ভালো কথা, এখানে দেশি খাবারও রাখা হয়। ভর্তাই থাকে বেশ ক’পদের। আলুভর্তার মতো ডিশ রাখার অন্যতম কারণ এই হোটেলে অবস্থানরত বিদেশি অতিথিদের বাংলাদেশি স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
থাকে বেশ কিছু সালাদও। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যসচেতন অনেক খাদ্য রসিকেরই পছন্দ এই খাবার। পাস্তা বা তান্দুরি চিকেনের সালাদের সঙ্গে মিলবে পেয়ারা আর কাসুন্দির সালাদও।
চেয়ার-টেবিল বেশ ছিমছাম সাজানো আর হইহুল্লোড়ও খুব একটা কানে লাগে না।
বুফের সাজানো খাবারের মধ্যে দই ও মিষ্টি এখানকার রসুইঘরে বানানো বলে জানা গেল। আছে বেশ কিছু মিঠাই। এরমধ্যে দুতিনটি আবার আরব অঞ্চলের।
জানা গেল এক্সিকিউটিভ শেফ পাটওয়ারী বেশ কয়েক বছর মধ্যপ্রাচ্যের একটি পাঁচতারকা হোটেলে কাজ করেছেন, তাই আরবীয় খাবারে হাত বেশ পাঁকা হবে সেটি তো বোধহয় স্বাভাবিক।
১৫৫০ টাকায় ব্রেকফাস্ট আর ১৬০০ টাকায় দুপুরের খাবার খাওয়া যাবে।
রিসোত্তো
একটি রাইস ডিশের নামে নামকরণ করা হয়েছে সারিনার ইতালীয় রেস্তোরাঁ। দেখা গেল ইতালিয়ান খাবারের বিশেষ প্রচারণার কারণে টেবিলগুলো যেন হয়ে উঠেছে এক একটি পতাকা।
পাস্তার মধ্যে স্প্যাগেত্তি, রাভিওলি আছে। এখানে পিৎজার সমারোহও আছে বেশ। রিসোত্তোর কিচেনে আছেন একজন শেফ যিনি কাজ করেছেন মিলান শহরের একটি তারকা হোটেলে। আর তাই খাবারে কিছুটা ‘খাঁটি’ স্বাদ যে থাকবে এটা ভাবা যেতেই পারে।
শেফ পাটওয়ারী জানান, এই রেস্তোরাঁয় ব্যবহৃত চিজ ও রান্নার বেশ কিছু উপকরণ আমদানি করা হয় ইতালি ও অন্যান্য দেশ থেকে।
আরও আছে মাছের ডিশ। আর তিরামিসু নামক ‘স্বর্গীয়’ মিঠাইতো আছেই।
কোয়াত্রো ফরমাজ্জি পিৎজা খেলে জিভের জল ঠেকানো মুশকিল হবে। চার রকমের চিজ দিয়ে বানানো হয় এই পিৎজা। ক্রাস্টও বেশ ‘থিন’ আর তাই ইতালীয় ভাবটি বেশ বোঝা যায়।
চাবাত্তা, ফোকাচ্চাসহ মিলবে বেশ কিছু ইতালীয় ঘরানার ব্রেড।
এলিট
থাই খাবার মিলবে এখানে। আছে একধরনের ‘এক্সিকিউটিভ’ মার্কা অন্দরসজ্জা। বসার ব্যবস্থার জন্য চেয়ারই আছে তিন পদের। একেবারে সোফার আরাম, সাধারণ চেয়ার আর এই দুইয়ের মাঝামাঝি ধরণের বসার ব্যবস্থা।
মাছের ‘আসল’ স্বাদ পেতে চাইলে এর থেকে ভালো আর কি হতে পারে! এত ‘ন্যাচারাল’ খেতে অভ্যস্ততা যদি কারও না থাকে, তাতেও চিন্তা নেই। আছে সুইট অ্যান্ড সাওয়ারের মতো সুস্বাদু আর মুখরোচক সস!
এই রসুই খানা চালানোর দায়িত্বে আছেন এক থাই শেফ। স্টার্টারে ফ্রাইড স্প্রিংরোল বা ফিস কেক বেশ লাগবে। আর স্টিমড ফিশ খেতে চাইলে ৮০৫ টাকার সঙ্গে যোগ হবে ট্যাক্স, ভ্যাট এবং সার্ভিস চার্জ।
আর গলদা চিংড়িতেই যদি রসনা বিলাস করতে চান তবে একটু ভারি রাখতেই হবে টাকার ব্যাগ। ২ হাজার টাকা গুনতে হবে। বিফের রেড বা গ্রিন কারি জিভকে শান্তি দেবে বলা যায়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকে এই রেস্তোরাঁর রসুইখানা। ৪২ জনের বসবার ব্যবস্থা আছে।
আমৃত
সারিনা হোটেলের ভারতীয় রেস্তোরাঁ এটি। ঢুকলেই চোখে পড়বে দুটি জিনিস। একটি হল দেয়ালে মুঘল মিনিয়েচার পেইন্টিংয়ের আদলের চিত্রকর্ম। আর একটি, অন্দরসজ্জায় কলোনিয়াল ঘরানার উপস্থিতি।
আমৃত
এখানকার ব্যবস্থাপক অ্যালবার্ট সাইমন গোমেজ জানান, এখানে বসতে পারবেন ৬৮ জন। একটি অংশে আছে ‘প্রাইভেট রুম’। ১৬ থেকে ১৮ জনের সংকুলান হবে এই অংশে।
২০০৫ সালে শুরু হয় এই রেস্তোরাঁর পথচলা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এখানে শুরু হয় বুফে। প্রায় ৬০ পদের খাবার মিলবে এই আয়োজনে।
বিরিয়ানি কি ডাল মাখানি, পালক পানির কি তাড়কা সবই মিলবে এই রেস্তোরাঁয়। হরেক রকম নান রুটি তো আছেই।
বুফের জন্য প্রতিজনকে গুনতে হবে ১৮০০ টাকা।
ছবি: তানজিল আহমেদ জনি এবং তানভীর আহমেদ।
