বুটের ডালের শাহি-হালুয়া
শুধু বিশেষ দিনেই কেনো এই হালুয়া রান্না করতে হবে! বরং সকাল কিংবা বিকালে নাস্তার জন্য তৈরি করে রাখুন।
রেসেপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ফারহা সামিন।
উপকরণ: বুটের ডাল ২৫০ গ্রাম। চিনি আধা কাপ (মিষ্টি বেশি খেতে চাইলে আরও দিতে পারেন)। লবণ ১ চিমটি। দুধ ১ লিটার। ঘি পরিমাণ মতো। এলাচগুঁড়া ১/৪ চা-চামচ।
পদ্ধতি: বুটের ডাল ভালো করে ধুয়ে এক ঘণ্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ছেঁকে বুটের ডালের সঙ্গে লবণ, আধা লিটারের একটু বেশি দুধ ও চিনি মিশিয়ে অল্প আঁচে এক ঘণ্টার মতো সিদ্ধ করুন। প্রেশার কুকারে সেদ্ধ করার ক্ষেত্রে আরও কম সময় লাগবে। এক্ষেত্রে সিদ্ধ হয়ে গেলে দুধ প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
সিদ্ধ বুটের ডাল ও বাকি দুধটুকু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। একদম মিহি হতে হবে। এবার একটি ননস্টিক প্যানে ঘি দিয়ে তাতে ব্লেন্ড করা মিশ্রণটুকু দিয়ে দিন। এরপর এলাচগুঁড়া ছিটিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডাল কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়।
মিশ্রণটি আঠালো হয়ে আসলে নামিয়ে দ্রুত একটি ট্রেতে ঢেলে পছন্দ মতো ছাঁচে নকশা করতে পারেন।
রেফ্রিজারেইটরে ঘণ্টাখানেক রেখে দিন ঠাণ্ডা হওয়ার জন্য। তারপর পরিবেশন করুন দারুণ মজাদার বুটের ডালের শাহিহালুয়া।
আরও পড়ুন
