নতুন ঢাকায় পুরান ঢাকার ইফতার
‘রয়েল রেস্টুরেন্ট’, মাস্টারশেফ সুবরত আলী’ কিংবা ‘কলকাতা কাচ্চি’র ইফতারের স্বাদ নিতে যানজট এড়িয়ে আর পুরান ঢাকায় যেতে হবে না; নতুন ঢাকায় বসেই নেওয়া যাবে মুখরোচক এই খাবারের স্বাদ।
নতুন ঢাকার মানুষকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ দিতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গুলনকশা হলে শুরু হয়েছে ‘পুরান ঢাকা ইফতার বাজার’।
এতে পুরান ঢাকার ৮১টির মতো ক্যাটারিং সার্ভিস ও খাবারের দোকান পসরা নিয়ে বসেছে, যার মধ্যে রয়েছে নান্না বিরিয়ানী, কাশ্মিরী আচার, মামা হালিমের মতো প্রতিষ্ঠানও।
মঙ্গলবার এই ইফতার বাজারে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ‘রয়েল রেস্টুরেন্টে’; সেখানে গিয়ে দেখা যায় সবার আগ্রহ বাদামের শরবত ঘিরে।
নিকুঞ্জ থেকে আসা হাসান জাওয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরান ঢাকায় গিয়ে রয়েলের শরবত খেতে না পারার দুঃখ ছিল সবসময়। এখন নাগালের মধ্যে পেয়ে প্রায় প্রতিদিনই ইফতারে খাই।”
রয়েলে বাদামের শরবত মিলবে প্রতি লিটার ৩৬০ টাকায়, বোরহানী ও লাবাং ১৮০ ও ২৪০ টাকায়।
দোকানটির বিক্রয়কর্মী মো. মহসীন বলেন, “ইফতারের সাথে খাওয়ার জন্য আমাদের আচার খুবই জনপ্রিয়। রসুনের এক কোষা আচার ও আমলকীর মোরব্বা আমরা ছাড়া ঢাকায় আর কেউ বানায় না।”
এখানে রসুনের এক কোষা আচার মিলছে কেজি প্রতি ৮০০ টাকায়; আমলকীর মোরব্বা ৬০০ টাকায় কেজি। এছাড়া বোম্বাই মরিচের আচার, আলু বোখারার আচার, আমের মোরব্বা, কাঁচামরিচের আচার, জলপাইয়ের টকমিষ্টি আচারসহ আরও ২০ রকমের আচার মিলবে ৪০০-৮০০ টাকার মধ্যে।
মামা হলিমের দোকানে ক্রেতার চাপে দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না বিক্রেতারা।
কেন এত জনপ্রিয়- জানতে চাইলে কারিগর জিনাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাগো হালিমে ভেজাল নাই, মাংস বেশি আর পরিমাণমতো ডাল আর মসলা; এইটাই আমাগো হালিমের রহস্য।”
মামা হালিম আকারভেদে বাটিপ্রতি মিলছে গরু ২০০-১০০০ টাকা এবং খাসি ৩০০-১২০০ টাকায়।
আরবীয় মিষ্টি, জর্দা, পুডিং-পাই ইত্যাদি নিয়ে বসেছে লালবাগের অন্যতম জনপ্রিয় 'মুঘল-ই-আজম'। পুরান ঢাকার প্রচলিত ইফতারের সঙ্গে ‘আরবীয় শাহী জর্দা পোলাও' বিক্রি হচ্ছে সমান তালে। চার রকমের ফল আর বিভিন্ন রকম বাদাম দিয়ে তৈরি জর্দা পোলাও মিলছে ৬০০ টাকা কেজি প্রতি দামে।
মুঘল-ই-আজমের চেয়ারম্যান ফুয়াদ সাকী জানান, তাদের ক্রেতারা আসেন মূলত গুলশান, উত্তরা, নিকুঞ্জ, বনানী, বসুন্ধরা, লেকসিটি এসব এলাকা থেকে।
“পুরান ঢাকায় ১০ বছর ধরে ব্যবসা করছি। এখানকার মানুষ তো পুরান ঢাকায় যেতে পারে না। স্বাদটা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য।”
নামকরা ‘নান্নার বিরিয়ানী;রদোকানেও ভিড় কম ছিল না। তাদের বাসমতী চালের কাচ্চির দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানালেন ব্যবস্থাপক ইমরুল হাসান। ২৪০ টাকায় মিলঝে তাদের এক প্লেট কাচ্চি। এছাড়া মোরগ পোলাও ১৯০ টাকা প্লেট ও শাহী হালিম ২০০-৫০০ টাকা।
নানা ধরনের ইফতারের প্রশংসায় সবাই এক মুখ হলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে নানা মত দেখা যায়।
“অবশ্য যেহেতু স্টল ভাড়া এখানে বেশি, তাই একটু বাড়িয়ে রাখতে পারে,” নিজেই বলেন তিনি।
বনানী থেকে আসা ব্যবসায়ী হারুনুর রশীদ বলেন, “দাম মোটামুটিই আছে। পুরান ঢাকায় যেতে আসতে তো তেলের খরচ যায় অনেক। এর চেয়ে এখানে এসে কেনাটাই সাশ্রয়ী।”
ইফতার বাজারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সাল থেকে তারা এই আয়োজন চালিয়ে যাচ্ছেন। ক্রেতাদের সাড়া প্রতি বছরই বাড়ছে।
দামের বিষয়ে তিনি বলেন, “ইফতারের দাম মূলত দোকান মালিকরাই ঠিক করে নেন। আমরা খাবারের মান ঠিক রাখতে সচেষ্ট।
