পোশাকে রং-তুলির ছোপছাপ
শিল্পীর তুলির ছোঁয়ায় যেমন প্রাণ পায় একঘেঁয়ে মলিন ক্যানভাস। তেমনি কখনও কখনও ক্যানভাসের জায়গা দখল করে নেয় শাড়ি বা ওড়না। সেখানে ফুটে ওঠে ভালো লাগার নানান ছবি।
পোশাকে হাতের কাজ বলতে একটা সময় শুধু সুঁই সুতার নকশাকেই বোঝানো হত। তবে এখন শুধু সুঁইয়ের খোঁচায় সুতার রংয়ে বোনা ফুল, পাখি অথবা বাহারি নকশা নয়, কাপড়ের সৌন্দর্য বর্ধণ করতে শিল্পীর রং তুলির জনপ্রিয়তাও কম নয়। রং আর তুলির স্পর্শে বর্ণিল হয়ে ওঠে পরনের পোশাক।
যারা ছবি আঁকেন তাদের কম বেশি সবাই নিজের পোশাক ক্যানভাস হিসেবে ব্যবহার করতে ভালোবাসেন। তবে এই পোশাক অলঙ্করণের মাধ্যমটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিলেন দেশের প্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ।
‘হেনরিজ হেরিটেইজ’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের রং করা শাড়ি এবং অন্যান্য পোশাকগুলো তুলে আনেন সকলের সামনে। ওই সময় পেইন্টিং যে শুধু মাত্র ক্যানভাসের গণ্ডি পেরিয়ে পোশাকেও শোভা পেতে পারে তা সকলের সামনে তুলে ধরেন শাহরুখ শহীদ।
শাহরুখ শহীদের আঁকা পোশাকে নকশা।
শাহরুখ শহীদের আঁকা পোশাকে নকশা।
তার সম্পর্কে কথা বলেন দেশীয় ফ্যাশন ঘর ‘বিবিয়ানা’র কর্ণধার লিপি খন্দকার।
তিনি বলেন, “শাহরুখ শহীদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল আমার। তার কাজ আমি দেখেছি। যারা আঁকাআঁকি করেন তাদের অনেকেই নিজের পোশাকে বা শাড়িতে পেইন্ট করতেন। কিন্ত তুলির ছোঁয়ায় সুন্দর হয়ে ওঠা পোশাকগুলো যে প্রাতিষ্ঠানিকভাবে ও ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে সকলের সামনে উপস্থাপন করা সম্ভব, সেই ধারণাটি তুলে ধরেন শাহরুখ শহীদ।”
“পোশাকে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে পাখি ছিল শাহরুখ শহীদের অন্যতম পছন্দের নকশা। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ওড়না ইত্যাদি পোশাক তিনি তার ক্যানভাসে রূপান্তর করেন। আর বর্তমানে তো ফ্যাশনপ্রেমীদের কাছে অনেক জনপ্রিয় হাতে আঁকা পোশাকগুলো। তাছাড়া যারা কিছুটা শিল্পমনা এবং ভিন্ন ধরনের পোশাক পরতে ভালোবাসেন তাদের কাছে হ্যান্ড পেইন্ট করা পোশাকের কদরই আলাদা।” বলেন লিপি খন্দকার।
সুতার কাজ, চুমকি বসানো, অ্যাপ্লিক ইত্যাদির মতোই হ্যান্ড পেইন্টও এক ধরনের হাতের কাজ। শিল্পীর ভালোবাসা, ধৈর্য্য এবং তার পরিশ্রমের মধ্য দিয়ে একটি পোশাকে ফুটে ওঠে তার কল্পনাগুলো।
এখন অনেকেই প্রাতিষ্ঠানিকভাবে হ্যান্ড পেইন্টের তৈরি পোশাক নিয়ে কাজ করছেন। তাছাড়া অনেকে ব্যক্তিগতভাবেও হ্যান্ড পেইন্টের পোশাক তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
গুটিপোকা, হিজিবিজি, ভাইবঘর এর ফ্যাশন বুথ, হুর নুসরাত, এহা, প্রজাপতি, কিংশুক, কারুজ ইত্যাদি বিভিন্ন পেইজগুলোতে দেখা মিলে হ্যান্ডপেইন্টের শাড়ি, কামিজ, কুর্তি, পাঞ্জাবি এবং টি-শার্টের।
হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে নিজের আগ্রহ এবং ফেইসবুককে ব্যবসায়ের মাধ্যম হিসেবে বেছে নেওয়ার বিষয়ে কথা হয় গুঁটিপোকা পেইজের কর্ণধার আফসানা সুমীর সঙ্গে।
সুমী বলেন, “আমি পড়াশুনা করেছি অ্যাকাউন্টিং নিয়ে। ছবি আঁকা আমার সখ। পোশাক ডিজাইন করতেও পছন্দ করি। সবসময়ই নিজের ডিজাইন করা পোশাক পরতাম আমি। তাই একটা সময় মনে হল নিজের এই সৃজনশীলতাকে তুলে ধরি। যে কাজ করে আমি আনন্দ পাই সেটাকেই পেশা হিসেবে বেছে নিলে মন্দ কি! আর সেই চিন্তা থেকেই গুটিপোকার যাত্রা। আর ফেইসবুকের মাধ্যমে এখন মানুষের কাছাকাছি পৌঁছানো খুবই সহজ। সে জন্যই আমার তৈরি পোশাকগুলো ফেইসবুকের মাধ্যমেই সকলের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেই।”
শাহরুখ শহীদের আঁকা পোশাকে নকশা।
শাহরুখ শহীদের আঁকা পোশাকে নকশা।
সুমী আঁকার ক্ষেত্রে নিজের পছন্দ সম্পর্কে জানাতে গিয়ে বলেন, “ফুল, পাখি, লতা, পাতা সবই আঁকতে ভালো লাগে। কিন্তু বেশি চ্যালেঞ্জিং হয় ফিগার পেইন্টিংগুলো। যেমন, নাচের মূদ্রা নিয়ে কাজ করেছি আমি। শকুন্তলা, পথের পাঁচালীর দূর্গা এসব পূরাণ এবং সাহিত্যের চরিত্র আঁকতে ভালো লাগে।”
একেক জন শিল্পীর কাজের ধরণ এবং তাদের পছন্দগুলোও ভিন্ন। তাই একেক জনের কাজে তাদের যার যার বিশেষত্ব ফুটে ওঠে।
প্রাতিষ্ঠানিকভাবে হ্যান্ড পেইন্টকে যারা তুলে ধরেছেন তাদের মধ্যে আছেন কুহু প্লামন্দন। গুলশানে অবস্থিত তার স্টুডিও ‘কুহু’স ওয়্যারেবল আর্ট’।
তিনি বলেন, “হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমাদের দেশে যারা কাজ করে থাকেন তারা অধিকাংশই ‘অ্যাক্রামিন’ ধারায় কাজ করে থাকেন। এক্ষেত্রে মূলত একটি পোশাকের উপর রং করা হয়। অর্থাৎ সাধারণ ছবি আঁকার মতো। কিন্তু আমি কাজ করি ডাই নিয়ে। মানে পুরো কাপড় আলাদা করে রং করি।”
“একবার আমি পোশাকে তুলে ধরেছিলাম সুন্দরবন। সেখানকার প্রকৃতি, ফুল, পাখি, হরিণ এবং বাঘ। সব মিলিয়ে আমাদের দেশের অন্যতম এসব উপাদান আমার কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি।” বলেন কুহু।
এছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে হ্যান্ডপেইন্ট নিয়ে কাজ করে থাকে ‘শামুক’ ফ্যাশন ঘর। লালমাটিয়াতে তাদের বিক্রয়কেন্দ্র অবস্থিত। এছাড়াও আজিজ সুপার মার্কেটে অবস্থিত বিভিন্ন ফ্যাশন ঘরগুলোতেও হ্যান্ড পেইন্টের শাড়ি ও অন্যান্য পোশাক পাওয়া যাবে।
সাধারণত হ্যান্ড পেইন্টের শাড়ি বা পোশাকের দাম অন্যান্য হাতের কাজের পোশাকের মতোই কিছুটা দামি হয়ে থাকে। কারণ একটি পোশাক পুরোপুরিভাবে পেইন্ট করতে শিল্পীর অনেকটা পরিশ্রম থাকে। এছাড়াও একটি পোশাক তুলে ধরে শিল্পীর সৃজনশীল সত্ত্বাকে। আর এই সব দিক বিবেচনা করেই পোশাকের দাম নির্ধারিত হয়ে থাকে।
ছবির মডেল: লারা লোটাস। পোশাক: গুটিপোকা। মেইকআপ: ড্রিমস বিউটি পার্লার। ছবি: আব্দুল মান্নান।
