২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মুক্তিযুদ্ধের স্থাপনা

মহান মুক্তিযুদ্ধে বীরদের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে নানান স্থাপনা। রাজধানী ঢাকাতেও আছে এরকম বেশ কিছু স্মৃতিস্তম্ভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:27 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

রাজধানীর মুক্তিযুদ্ধের স্তম্ভ

বিজয়ের মাসে ঘুরে আসতে পারেন এসব জায়গা থেকে।

জাতীয় স্মৃতিসৌধ: ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের নবীনগরে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

স্বাধীনতা সংগ্রামে প্রাণউৎসর্গকারী শহীদদের স্মরণে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৮২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এর স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।

সাতজোড়া ত্রিভুজাকার দেয়ালের মাধ্যমে ছোট থেকে ধাপে ধাপে উঠে গেছে সৌধটি। কংক্রিটের এ সাত জোড়া দেয়ালের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি সময়কালকে নির্দেশ করা হয়েছে।

মোট ১০৮ একর উঁচু নিচু টিলা আকৃতির জায়গার উপর বিস্তৃত সবুজ ঘাসের গালিচায় আবৃত দেশি বিদেশি গাছের বাগান আর লাল ইটের রাস্তা— এই সৌধ ভ্রমণকারীদের আকর্ষণ করে। স্মৃতিসৌধ চত্বরের পাশেই রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের দশটি গণকবর।

আর এর চারপাশ ঘিরে রয়েছে কৃত্রিম লেক। জাতীয় স্মৃতিসৌধে যেতে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে।

Image
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধনীতা স্তম্ভ।

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধনীতা স্তম্ভ।

বঙ্গবন্ধু জাদুঘর: ধানমণ্ডি ৩২ নম্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য বাড়িটি এখন জাদুঘর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই বাস করতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু। এই বাড়ি রূপান্তরিত করা হয়েছে জাদুঘরে।

এখানে সংরক্ষিত আছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানান স্মৃতি, ব্যবহৃত বিভিন্ন জিনিস।

বাড়ির দেয়ালে দেয়ালে বুলেটের দাগ। দর্শনার্থী ধারণা পাবেন ১৫ আগস্টের  সেই নৃশংস হত্যাযজ্ঞ সম্পর্কেও। বঙ্গবন্ধুর গুলিবিদ্ধ মৃতদেহ সিঁড়ির যেখানে পড়েছিল সেখানে পুরানো রক্তের চিহ্ন অবশ্য প্রায় অদৃশ্য। স্থানটি এখন কাঁচ দিয়ে ঢাকা।

বুধবার এবং সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে।

স্বাধীনতা স্তম্ভ: রমনা রেসকোর্স, বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান। আমাদের স্বাধীনতার সঙ্গে এ নামটি ওতোপ্রতোভাবে জড়িত। ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে তাঁকে এখানেই সংবর্ধনা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

১৯৭১ সালের ৭ই মার্চ রমনার এই রেসকোর্সের মহাসমাবেশেই বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। দীর্ঘ নয়মাস যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনারা এখানেই নতি স্বীকার করে। ১৯৭২ সালের ১৭ মার্চ এক জনসভায় বঙ্গবন্ধু এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তব্য দেন।

সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই গড়ে তোলা হয়েছে স্বাধীনতা স্তম্ভ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলী স্মরণীয় করে রাখতে এর আগে ১৯৯৯ সালে এখানে স্থাপন কর হয় ‘শিখা চিরন্তনী’।

প্রায় ৬৭ একর জায়গাজুড়ে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে গড়ে তোলা হয়েছে স্বাধীনতা স্তম্ভ। চারপাশে রয়েছে তিনটি জলাশয়। একপাশে শিখা চিরন্তনী আর স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত বিভিন্ন দেয়ালচিত্র।

মূল আকর্ষণ প্রায় ১৫০ ফুট উঁচু একটি গ্লাস টাওয়ার। রাতে এ টাওয়ারের আলোকরশ্মি বহু দূর থেকেও দেখা যায়। স্বাধীনতা স্তম্ভের ভেতরে আছে স্বাধীনতা জাদুঘর। ৭১ সালের মুক্তিযুদ্ধ ও পাক হানাদারদের গণহত্যার নানান নিদর্শন সুরক্ষিত আছে এখানে।

Image
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধনীতা স্তম্ভ।

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধনীতা স্তম্ভ।

অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য অপরাজেয় বাংলা। কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং বিজয়ের প্রতীক এই ভাস্কর্যের স্থপতি সৈয়দ অব্দুল্লাহ খালিদ।  

স্বাধীনতার সংগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল ছাড়িয়ে সামান্য দক্ষিণে দৃষ্টি নন্দন ভাস্কর্যের বাগান।

এখানকার ২৫ ফুট উঁচু বঙ্গবন্ধুর ৭ মার্চের প্রতিকৃতি ছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, লালন শাহ, হাসন রাজার মতো অনেক বরেণ্য ব্যক্তির ছোট প্রতিকৃতি রয়েছে।

এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনেরও একটি প্রতিকৃতি আছে এখানে। এগুলোর স্থপতি শামীম সিকদার।

মুক্তিযুদ্ধ জাদুঘর: জাতীয় মসজিদ থেকে কিছুটা পশ্চিমে পাঁচ নম্বর সেগুন বাগিচার পুরানো দ্বিতল বাড়িতে অস্থায়ীভাবে বসেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারকচিহ্নগুলো সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ১৯৯৬ সনের ২২ মার্চ এ জাদুঘরের যাত্রা।

সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে মুক্তিযুদ্ধের তথ্য, প্রমাণাদি, নিদর্শন, রৈকর্ডপত্র ইত্যাদি সংগ্রহ করে এখানে রাখা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরে ছয়টি গ্যালারি রয়েছে।

প্রথম গ্যালারিতে প্রদর্শিত হয়েছে বাঙালির ঐতিহ্যের পরিচয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের চিহ্ন। দ্বিতীয় গ্যালারিতে ১৯৪৭ এর দেশভাগ-পরবর্তী পাকিস্তানি শাসন-শোষণের ইতিহাস তুলে ধরা হয়েছে। তৃতীয় গ্যালিরিতে প্রদর্শিত হয়েছে একাত্তরের অসহযোগ আন্দোলন, ২৫ মার্চ সংঘটিত গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, প্রতিরোধ ও শরণার্থীদের জীবনচিত্র।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্মৃতিস্তম্ভ অপরাজেয় বাংলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্মৃতিস্তম্ভ অপরাজেয় বাংলা।

দোতলার তিনটি গ্যালারিতে রয়েছে প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক, পাকিস্তান সেনা ও তাদের দোসরদের বুদ্ধিজীবী হত্যা এবং বাঙালির বিজয় দৃশ্য।

মুক্তিযুদ্ধ জাদুঘর বিশ্বের অপরাপর আটটি দেশের সমভাবাপন্ন জাদুঘরের সঙ্গে মিলে গঠন করেছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব হিস্টিরিক সাইট মিউজিয়ামস অব কনসান্স। এ জাদুঘরের সংগৃহীত স্মারক সংখ্যা দশ হাজারেরও বেশি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্রীষ্মকালীন সময়সূচী হল বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শীতকালীন সময়সূচী হল বেলা ১০টা থেকে বিকেল ৫টা। রবিবার জাদুঘর বন্ধ থাকে। 

রায়ের বাজার বধ্যভূমি: ঢাকা শহরের পশ্চিমে বন্যা নিয়ন্ত্রণ বাধেঁর পাশেই শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ অবস্থিত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রখ্যাত সন্তানদের নির্মমভাবে হত্যা করে এই স্থানে পরিত্যক্ত ইটের ভাটার পেছনের জলাশয়ে ফেলে রাখা হয়েছিল।

সেজন্যই এখানে ইটের ভাটার আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। লাল ইট ও সিমেন্টের গাঁথুনির প্রাধান্যই বেশি। দূর থেকে দেখলে মনে হয় খোলা আকাশের নিচে সৌধের একমাত্র দেয়ালটি নির্ভীক প্রহরীর মতো মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে। এর স্থপতি ফরিদ উদ্দীন আহমেদ।

সপ্তাহের সাতদিনই সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানেও কোনো প্রবেশ ফি লাগে না।

শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ: রায়েরবাজার বধ্যভূমি থেকে বেড়িবাঁধ সড়ক ধরে গাবতলীরও পরে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী রাজাকার আলবদরদের সহায়তায় এদেশের সূর্যসন্তান বুদ্ধিজীবিদের নির্বিচারে হত্যা করে। তাঁদের স্মরণে ’৭১য়ের ২২ ডিসেম্বর মিরপুরে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

Image
রায়ের বাজার বধ্যভূমির স্মৃতিস্তম্ভ।

রায়ের বাজার বধ্যভূমির স্মৃতিস্তম্ভ।

জল্লাদখানা বধ্যভূমি: মিরপুর দশ নম্বর থেকে এগারো নম্বরের দিকে কিছুটা গেলেই বেনারসি পল্লীর সড়ক ধরে সোজা পূর্বদিকে শেষ মাথায় জল্লাদখানা বধ্যভূমি।

মুক্তিযুদ্ধের সময় এ এলাকা ছিল প্রায় জনমানবহীন। হানাদারের দোসররা তাই এ জায়গাই বেছে নেয় মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য। সেসময়ে এখানে ছিল পরিত্যক্ত একটি পাম্প হাউস। ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে এখানকার দুটি কূপের একটিতে ফেলা হত খণ্ডিত মাথা, অন্যটিতে দেহাবশেষ।

১৯৯৯ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এর খনন কাজ শুরু হয়। সে সময়ে পরিত্যক্ত পাম্প হাউসের কূপ থেকে ৭০টি মাথার খুলি এবং ৫৩৯২টি হাড় উদ্ধার করা হয়। এ ছাড়াও উদ্ধার করা হয় মেয়েদের শাড়ি, ফ্রক, ওড়না, অলঙ্কার, জুতা, তসবিসহ শহীদদের ব্যবহার্য নানা জিনিসপত্র।

জল্লাদখানা বধ্যভূমিতে একটি জাদুঘর নির্মাণ করে কিছু নিদর্শন রাখা হয়েছে প্রদর্শনের জন্য। পাম্প হাউসের অভিশপ্ত কূপটি বাঁধাই করে কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে নৃশংসতার চিহ্ন হিসেবে।

আর এখানে 'জীবন অবিনশ্বর' নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের বর্বর হত্যাকাণ্ডের স্মরণে।